
‘মুসলিম বলো আর হিন্দু বলো, সবাই সবার দেখভালে চলে। কেউ বলতে পারবে না আমি একাই সব’। বক্তা– কলকাতার বাজে কদমতলা ঘাটে পুরসভার অস্থায়ী শ্রমিক আকবর আলি, খেটে খাওয়া নিতান্ত সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী যখন ওই ঘাটে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিচ্ছিলেন– ‘দেখবেন, দুর্গাপুজোর বিসর্জনে যেন সনাতন ধর্মে বিশ্বাসীরা ছাড়া কেউ মূর্তিকে না ছোঁয়’– ভিআইপিদের থেকে অনেক তফাতে থাকা আকবর তাতে কান দিতে পারেননি। তাঁর কথায়– ‘কী বলা হয়েছে, দাদা অত মাথা দিই না। আমরা গরিব মানুষ খেটে খাই’ (আনন্দবাজার পত্রিকা, ২৬.১০.২০২৬)। বছর বছর প্রতিমা বিসর্জনের ঘাটে যন্ত্রপাতি, ক্রেন সামলে আসা আকবর আলির অন্তরের অনুভূতি থেকে উৎসারিত এই কথাগুলি এতদিনবাংলার শারদোৎসবের সর্বজনীন আবহ বোঝাতে যথেষ্ট ছিল। কিন্তু এ বছর সে সুর কেটে দিল রাজ্যের সদ্য ক্ষমতাপ্রাপ্ত শাসক দল, কেটে দিলেন খোদ মুখ্যমন্ত্রী।
প্রতিমার চুল থেকে অলঙ্কার, সাজের নানা অংশ তৈরিতে বংশপরম্পরায় হাত লাগিয়ে চলেছেন ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে শ্রমজীবী মানুষ। প্রতিমার সাজের বহু কিছুই তৈরি করেন যাঁরা, তাঁদের অনেকেই ধর্মে মুসলমান, খ্রিস্টান। পুজোর প্যান্ডেল তৈরি থেকে একেবারে প্রতিমা বিসর্জন পর্যন্ত একাধিক পর্যায়ে যে শ্রমজীবী মানুষের কাঁধে চড়ে এই উৎসব নির্বাহ হয়, তাঁদের কে কোন ধর্মের, কোন জাতের, সে প্রশ্ন করার চিন্তাও ধর্মবিশ্বাসী সাধারণ মানুষের মাথায় আসেনি। গাড়ির চালক, নৌকার মাঝি, ঘাটের মোট বাহক, ফুল বাগানের মালি, ডেকরেটরের মিস্ত্রি–তাদের কে হিন্দু, কে মুসলমান এ বিচার করার দরকার সাধারণ মানুষের হয় না। তাঁদের ধর্মাচরণে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ বা সাম্প্রদায়িক অভিসন্ধি মিশে থাকে না বলে এ প্রশ্নটাই তাঁদের কাছে অবান্তর।
কিন্তু বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী আজ এটাকেই গুরুত্বপূর্ণ বিষয় করে তুললেন! তিনি কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, কারা প্রতিমা বিসর্জনে হাত লাগাচ্ছে তাদের নাম, পরিচয়, ধর্ম ইত্যাদি পুলিশকে লিখে রাখতে হবে। সনাতন ধর্মে বিশ্বাসী বলতে মুখ্যমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন? সাধারণত এর মানে বোঝায় প্রাচীন ধর্মীয় আচারের অনুসারী। অর্থাৎ, তথাকথিত উচ্চবর্ণের শ্রেষ্ঠত্ব মেনে আচার, ক্রিয়াকর্ম ও বিশ্বাস অনুসারে চলা। যে বিশ্বাসে মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধদের মতো অন্য ধর্মাবলম্বীদের কথা তো অনেক দূর, তথাকথিত নিম্ন বর্ণের হিন্দু, আদিবাসী ইত্যাদি সকলের স্থান অনেক নিচে।
যে শ্রমজীবী মানুষের পরিশ্রম, ঘাম মিশে থাকে উৎসবের প্রতিটি স্তরে– মুখ্যমন্ত্রীর নিদান তাঁদের সকলকে ব্রাত্য করে দিল! এ ছাড়াও তিনি চোরবাগান পুজো মণ্ডপে দুর্ঘটনার জন্য পরোক্ষে ইঙ্গিত করেছেন হোমগার্ডের ডিউটিতে থাকা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কর্মীর দিকে। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে নিযুক্ত এই হোমগার্ডরা ইচ্ছাকৃত ভাবে দড়ি ছেড়ে দিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন এবং নামের তালিকা দেখলেই তাদের পরিচয় বোঝা যাবে! মুখ্যমন্ত্রীর দায় থাকতে পারে তাঁর দলের অ্যাজেন্ডা অনুসারে তাঁদের কল্পিত হিন্দুরাষ্টে্রর প্রচারক হওয়ার। সাম্প্রদায়িকতার প্রতিযোগিতায় তিনি বিজেপির অন্য নেতাদের তুলনায় এগিয়ে থেকে আরএসএসের কোনও বিশেষ পুরস্কারের প্রত্যাশীও হতে পারেন! কিন্তু রাজ্যের মানুষ তাঁর এই দায় বহন করে শারোদৎসবের আনন্দকে বিদ্বেষ-বিষে বিষাক্ত হতে দেবেন কেন? আশার কথা, সাধারণ মানুষ প্রকাশ্যেই এর নিন্দা করেছেন।
যে কারণে মুখ্যমন্ত্রীর নিদানে বিপদে পড়ে কলকাতার পুলিশ কমিশনারকে বলতে হয়েছে, বিসর্জনে কারা আসছে তা পুলিশ দেখে না, পুজো কমিটিই তার তালিকা রাখে। তিনি শ্যাম-কুল দু’পক্ষকেই তুষ্ট রাখতে আমলা সুলভ বিবৃতিতে দায় সেরেছেন। কিন্তু বলতে পারেননি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এমন নির্দেশ দেওয়া চরম অনৈতিক শুধু নয়, পুরোপুরি বেআইনি। বিজেপি সরকারে আছে বলে কি ‘সনাতনী’ নিদান মেনে এখন থেকে পুলিশ কমিশনার হিন্দু-মুসলমান বিচার করে পুলিশকর্মী কিংবা হোমগার্ডদের ডিউটি দেবেন? কোনও বিশেষ সরকারি কর্মচারীর গাফিলতি থাকলে তাকে শাস্তি দেওয়া এক জিনিস, আর ধর্মের কারণে কারও গায়ে দোষী তকমা লাগিয়ে দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। কোনও গণতান্ত্রিক দেশে তা চলতে পারে না। এই কাজটাই করলেন খোদ মুখ্যমন্ত্রী! এখন থেকে কি সরকারি কর্মচারীরা সম্প্রদায়ের ভিত্তিতেই পরিচিত হবেন? জনগণের করের টাকায় বেতন ও বিপুল সুবিধা পাওয়া পুলিশ অফিসার ও আমলাদের মাথা নিচু করে এই ধর্মীয় বিভেদের নিদান মেনে চলতে বাধ্য করছে বিজেপি সরকার। অবশ্য বিজেপি রাজত্বে যে এটাই নিয়ম, তা দেখায় উত্তরপ্রদেশ, আসামের মতো রাজ্যে বিজেপির ভূমিকা। পশ্চিমবঙ্গেও সেই একই রাস্তায় হাঁটতে চাইছে বিজেপি!
সমস্যা হল আরএসএস-এর চশমা চোখে থাকায় বিজেপির নেতারা বুঝতেই অক্ষম যে, শারদোৎসব কেবলমাত্র ধর্মীয় অনুষঙ্গে বাংলার প্রধান উৎসব হয়ে ওঠেনি – ধর্মীয় অনুষ্ঠানকে ছাপিয়ে তা মানুষের জীবনের বহু কিছুর সাথে জড়িয়ে গেছে। কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রীর অত সব ভাবলে তো চলবে না! বিজেপি সরকারের ছ’মাস পার হওয়ার আগেই তাদের জনবিরোধী কার্যকলাপে অতিষ্ঠ মানুষ। এখনই তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ জায়গায় জায়গায় ফুটে বেরোচ্ছে। চোরবাগানের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠজন সহ বিজেপি নেতারা যে মানুষের আদালতে কাঠগড়ায়, তা তিনি সবচেয়ে ভাল করে বুঝছেন। এই সমস্ত কিছু থেকে জনগণের চোখ অন্য দিকে ঘোরাতেই তাঁর এই সাম্প্রদায়িক হুঙ্কার।
আরএসএস-বিজেপির নেতারা খুব ভাল করে জানেন, এই রাজ্যের মাটিতে জড়িয়ে থাকা স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার ঐতিহ্যের কারণে বারবার তাঁদের ধাক্কা খেতে হয়েছে। হিন্দু মহাসভা-মুসলিম লিগের সাম্প্রদায়িক রাজনীতিকে প্রত্যাখ্যান করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধর্মনিরপেক্ষ রাজনীতিকেই বাংলা আপন করে নিয়েছিল একদিন। স্বাধীনতার প্রাক্কালে দেশভাগের যন্ত্রণার দিনগুলিতে মুসলিম লিগ-হিন্দু মহাসভার দাঙ্গার রাজনীতির মধ্যেও অধিকাংশ মানুষ একে অপরের হাত ধরে বাঁচতে চেয়েছেন। সাম্প্রদায়িক দলগুলি তাই এ মাটিতে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। শাসক বুর্জোয়া শ্রেণির শত আক্রমণেও স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারা ও পরবর্তী বামপন্থী আন্দোলনের ধারা বাংলার মাটিতে নিঃশেষিত হয়নি। ভারতের পুঁজিপতি শ্রেণি দেশে সামগ্রিকভাবে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের সেবাদাস বিজেপি তার প্রয়োজনেই সাম্প্রদায়িক বিষকে হাতিয়ার করেছে। এর পথে বড় বাধা বাংলার মানুষের মধ্যে থাকা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনা, বামপন্থার প্রতি আকর্ষণ। একে ধ্বংস করতে না পারলে ফ্যাসিবাদী শাাসনের বিরুদ্ধে মানুষ মাথা তুলবেই। এ জন্যই বাংলায় তারা বিদ্বেষ-বিষ ছড়াতে এত উদগ্র চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রীর জঘন্য উক্তির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে স্পষ্ট, এ মাটির গুণ আজও ফুরিয়ে যায়নি। খেটে খাওয়া সাধারণ মানুষ নাড়ি দিয়ে বোঝেন, ধর্ম-জাতপাতের ভেদাভেদ, সাম্প্রদায়িকতা তাঁদের সবচেয়ে বড় শত্রু। বিজেপি যদি ভেবে থাকে তাদের সাম্প্রদায়িক রাজনীতি মাথা নিচু করে মানুষ মেনে চলবে– বুঝতে হবে তাঁদের এ মাটিকে চিনতে দেরি আছে।