Breaking News

বাজকুলে অন্যায় ভাবে গ্রেফতার কর্মীদের জামিন

১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের বাজকুলে এআইডিএসও-র দক্ষিণ জেলা ছাত্র সম্মেলনে এবিভিপি-র গুন্ডাবাহিনী অতর্কিতে আক্রমণ চালায়। হামলায় সংগঠনের নেতৃবৃন্দ সহ একাধিক ছাত্রকর্মী গুরুতর আহত হন।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সমস্ত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ অক্টোবর জেলাশাসক ও এসপি অফিস অভিযানের ডাক দেওয়া হয়। সেই প্রতিবাদ কর্মসূচিতেও পুনরায় ওই একই গুন্ডাবাহিনী হামলা চালায়। অথচ পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায় এবং যুবকর্মী তরুণ ঘোড়ইকে গ্রেপ্তার করে।

অবশেষে ২৭ অক্টোবর তমলুক আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয় এবং পরদিন তাঁরা মেদিনীপুর জেল থেকে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে আসার পর তাঁদের বিপ্লবী অভিনন্দন জানান দলের রাজ্য কমিটির সদস্য কমরেড নারায়ণ অধিকারী এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড চিন্ময় ঘোড়ই সহ অন্যান্যরা।