
শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেওয়ার সরকারি ফতোয়ার তীব্র বিরোধিতা করেছে এআইডিএসও। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক ও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ২৯ অক্টোবর এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। স্বাধীনতা আন্দোলনের সময় যে দেশে অগণিত শিক্ষক ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, দেশকে স্বাধীন করার সংগ্রামে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেছিলেন, এমনকি ছাত্রছাত্রীদের নিয়ে প্রত্যক্ষ সংগ্রামে অংশ নিয়েছিলেন। আজ সেই স্বাধীন দেশে শিক্ষকদের রাজনৈতিক মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা হীন উদ্দেশ্যবাহী। শিক্ষকরা আজও সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক বোধ, নৈতিকতা গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অনস্বীকার্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে বেণীমাধব দাসের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রফুল্লচন্দ্র রায়ের মতো শিক্ষকের সান্নিধ্যে তৈরি হয়েছিলেন মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বোস প্রমুখ। মাস্টারদা সূর্য সেন তাঁর ছাত্র অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল প্রমুখকে নিয়েই গড়ে তুলেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চট্টগ্রাম শাখা। বেণীমাধব দাস, প্রফুল্লচন্দ্র রায়, ‘মাস্টারদা’ সূর্য সেন পরাধীন দেশের রাজনৈতিক সংগ্রাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেননি। আজ শিক্ষকদের সেই সামাজিক দায়িত্ববোধ থেকে দূরে সরিয়ে রাখতে বর্তমান বিজেপি পরিচালিত রাজ্য সরকার একদিকে চায় শিক্ষকদের প্রতিবাদী সত্তাকে কেড়ে নিতে, অন্যদিকে প্রতিবাদী সমাজ-সচেতন ছাত্র-ছাত্রী গঠনের প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চাইছে। সরকারি শিক্ষানীতির বিরুদ্ধে, সমাজে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষক সমাজকে বিরত রাখার অপচেষ্টার বিরুদ্ধে ছাত্র জনতা সহ সমস্ত অংশের গণতান্ত্রিক চেতনাসম্পন্ন জনসাধারণকে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি।