Breaking News

পাঠকের মতামতঃ বইয়ে কেন এত ভয়

শারদ উৎসবের দিনগুলিতে বামপন্থী দলগুলির বই নিয়ে স্টল খোলার ঐতিহ্য দীর্ঘদিনের। এবার এর উপরে শাসক দল ও তাদের শাখা সংগঠনগুলির বাধা ও আক্রমণের যে ভয়ংকর চিত্র সামনে এসেছে তা রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া কিছুই না। বই আগুনে পোড়ানো থেকে শুরু করে কথাশিল্পী শরৎচন্দ্রের প্রখ্যাত উপন্যাস ‘পথের দাবী’ বইটি রাস্তায় ফেলে পদদলিত করা কিংবা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল, ভগৎ সিং, ক্ষুদিরামের মতো স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ও নবজাগরণের মনীষীদের বই নর্দমায় ফেলে দেওয়া– কোনও কিছুই বাদ দেয়নি শাসক দলের সংগঠকরা। বইয়ের প্রতি এই বিদ্বেষ আসলে মানুষের জ্ঞানার্জনের অধিকার এবং মুক্তচিন্তার পরিবেশের উপরই আঘাত।

গণতান্ত্রিক সমাজে কারও রাজনৈতিক মতাদর্শ কিংবা কোনও বইয়ের বক্তব্যের সাথে কোনও ব্যক্তির মতের অমিল হতেই পারে। সেই মতপার্থক্যের মোকাবিলা যুক্তিতেই দেওয়া শ্রেয়, বল প্রয়োগে নয়– এমনই তো হওয়া উচিত। সুস্থ গণতান্ত্রিক সমাজে রাজনীতির কাজ মানুষের চিন্তাকে সমৃদ্ধ করা, চিন্তার পথ বন্ধ করে দেওয়া নয়। বই সেই চিন্তার বাহন। বই পড়া বা না পড়ার সিদ্ধান্ত ব্যক্তির নিজস্ব অধিকার। গণতান্ত্রিক সমাজে এই অধিকারে হস্তক্ষেপ, ব্যক্তি স্বাধীনতায় বাধা সৃষ্টি করার মতোই অপরাধ। আসলে বইকে যারা ভয় পায়, তাদের ভয়টা বইয়ের মলাটে কিংবা পাতায় নয়, বই পড়ে মানুষের চিন্তা ভাবনায় যে পরিবর্তন আসে ভয়টা সেখানেই। প্রশ্ন করতে শেখা, যুক্তি দিয়ে বিচার করা এবং অন্যায়ের সামনে মাথা নত না করার সাহসই শাসকদের অস্বস্তির একমাত্র কারণ। তাই যারা বইয়ের উপর আক্রমণ আনছে তাদের ভয় একটাই– মানুষ বই পড়ে যে শিক্ষা পায়, সেই শিক্ষাই আনে চেতনা, আর চেতনাই আনে বিপ্লব। আর বিপ্লব থেকেই আসে শোষিত মানুষের মুক্তি।

 তাই তো যুগে যুগে বখতিয়ার খিলজি থেকে শুরু করে অ্যাডলফ হিটলারের মতো শাসকরা বইয়ের উপর আক্রমণ চালালেও মানুষের বই পড়ার আগ্রহ দমাতে পারেনি। ভারতে এই ফ্যাসিবাদী শাসকরাও তা পারবে না। বরং এই আক্রমণই আরও বেশি করে বই পড়া, জানা ও প্রশ্ন করার প্রয়োজনকে সামনে নিয়ে আসবে। সেই পথেই নবজাগরণের মনীষীদের মতাদর্শ ও জ্ঞানের আলো বইয়ের মধ্য দিয়ে আরও দূরে, আরও অগণিত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।

বিট্টু দেবনাথ, ইংলিশ বাজার, মালদা