Breaking News

পাঠকের মতামতঃ ‘তোমাদের নিয়ে বিপ্লবের স্বপ্ন দেখা যায়’

রায়গঞ্জের স্টেশন বাজারে ‘গণদাবী’ পত্রিকা প্রচারের মাঝেই হঠাৎ আলাপ হল ৭১ বছরের প্রৌঢ় সক্রিয়ভাবে সিপিআই(এম) রাজনীতির সঙ্গে যুক্ত এক মানুষের সাথে। আমাদের কাছ থেকে তিনি সানন্দে গণদাবীর বর্তমান সংখ্যার পাশাপাশি পুরনো একটি সংখ্যাও সংগ্রহ করেন। আমরা যখন বাজারের অন্যান্য মানুষদের পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ করছিলাম, প্রায় এক ঘণ্টা আমাদের পাশেই শুধু দাঁড়িয়ে থাকলেন না, আমরা যাঁদেরই পত্রিকা নেওয়ার অনুরোধ করছিলাম, তিনি নিজে উদ্যোগী হয়ে তাঁদের গণদাবী নিতে উৎসাহিত করতে শুরু করলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাসম্পন্ন এই প্রবীণ বামপন্থী কর্মী অত্যন্ত মাটির কাছাকাছি থেকে অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলোর কাজকে বুঝতে চান। কথা প্রসঙ্গে জানালেন, আমাদের ছাত্র সংগঠনের সর্বভারতীয় সম্পাদককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তাঁর ব্যবহার ও ব্যক্তিত্বে তিনি কতটা মুগ্ধ ও আপ্লুত, তা তাঁর প্রতিটি কথায় প্রকাশ পাচ্ছিল। তিনি অকপটে স্বীকার করলেন যে, আমরা যেভাবে রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে পত্রিকা বিক্রি করি, তাঁদের দল এখন আর সেভাবে কাজ করে না। বামপন্থায় মনে-প্রাণে বিশ্বাসী হলেও, সিপিএমের বর্তমান সমস্ত কার্যকলাপ যে তিনি মন থেকে পছন্দ করেন না, তাও তাঁর কথায় স্পষ্ট হল। তিনি আবেগঘন কণ্ঠে বললেন, ‘আজ তোমাদের দেখে বুঝলাম সমাজে এখনও সহজ-সরল ও যুক্তিবাদী মানুষ আছেন, যাদের নিয়ে বিপ্লবের স্বপ্ন দেখা যায়। এখনও বহু মানুষ আসলে কাদামাটির মতো, এদের নিয়েই মনের মতো মানুষ গড়ে তোলা সম্ভব।’ এই ৭১ বছর বয়সে এসে দল পরিবর্তন করার ইচ্ছে তাঁর নেই, কিন্তু আমাদের এই কাজের ধরনকে দেখতে তিনি দীর্ঘক্ষণ আমাদের পাশে দাঁড়িয়ে অভিজ্ঞতা সঞ্চয় করলেন। আমাদের প্রচার অভিযান শেষ হতেই তিনি পরম স্নেহে আমাদের বললেন, ‘চলো, তোমাদের নিয়ে একসঙ্গে চা খাই।’ চলে যাবার আগে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানালেন। সেই সাথে আশ্বাস দিলেন, আমাদের সামাজিক ও রাজনৈতিক লড়াইয়ে যদি কখনও অর্থের প্রয়োজন হয়, তবে তিনি সাধ্যমতো আর্থিক সহযোগিতা করতেও প্রস্তুত। এক প্রবীণ বামপন্থী সহযোদ্ধার এই স্নেহ, উৎসাহ এবং বিপ্লবের প্রতি অটুট বিশ্বাস আমাদের অনুপ্রেরণা জোগাবে আগামী দিনে।

 সুশান্ত মাহাতো, ইটাহার, উত্তর দিনাজপুর