Breaking News

এসআইআর বাতিলের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

উত্তর ২৪ পরগণাঃ এসআইআর বাতিল, বাদ পড়া লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম অবিলম্বে তালিকাভুক্ত করা এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ৬ অক্টোবর ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি (ব্যারাকপুর মহকুমা)-র নেতৃত্বে ব্যারাকপুর এসডিও দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হয়। শতাধিক নাগরিকের উপস্থিতিতে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে একটি সুসজ্জিত মিছিল এসডিও দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে ছয় সদস্যের এক প্রতিনিধিদল প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেন।

হাওড়াঃ একই দাবিতে ৬ অক্টোবর ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি হাওড়া সদর জেলা কমিটির ডাকে জেলা নির্বাচনী দপ্তরে বিক্ষোভ দেখান ভুক্তভোগী মানুষ। কর্তৃপক্ষের হাতে দাবিপত্র জমা দেওয়া হয়। হাওড়া বেলগাছিয়া ভাগাড় ও বেলুড় ভোটবাগান সহ অন্যান্য এলাকা থেকে দেড় শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন। নেতৃত্ব দেন নিবারণ রায় ও উত্তম চ্যাটার্জী।

নদিয়াঃ কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর পক্ষ থেকে ছাত্র-যুব-মহিলারা জ্ঞানেশ কুমারের অপসারণ এবং দিল্লির যন্তরমন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশের আক্রমণ ও আন্দোলনকারীদের আটক করার প্রতিবাদে সভা করেন। জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়।