Breaking News

৯৪ হাজার সরকারি স্কুল বন্ধ করার বিরুদ্ধে মধ্যপ্রদেশে স্কুল বাঁচাও সংগ্রাম সমিতির বিক্ষোভ

মধ্যপ্রদেশে ৯৪ হাজার সরকারি স্কুল বন্ধ করার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ১ লক্ষেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে আন্দোলনে নেমেছে স্কুল বাঁচাও সংগ্রাম সমিতি। মহাত্মা জ্যোতিবা ফুলে, যিনি সর্বজনীন শিক্ষার জন্য লড়াই করেছিলেন এবং বহু স্কুল খুলেছিলেন, তাঁকে স্মরণ করে ৩৫টি জেলার হাজার হাজার ছাত্রছাত্রী ও অভিভাবক ৩০ নভেম্বর ভোপালের নীলম পার্কে সমবেত হয়ে শিক্ষা বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ হন।

মূল বক্তা মুদিত ভাটনগর বলেন, আন্দোলনের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রদেশের প্রতিটি জেলা, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, শিক্ষার্থীরা স্কুল বন্ধের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহের জন্য নিজস্ব উদ্যোগ নিয়েছে। রাজ্যের সর্বত্র স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউট এবং হোস্টেলে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে এই আন্দোলন ব্যাপক সমর্থন পেয়েছে। ৫০০টিরও বেশি স্কুলে প্রচার করা হয়, যার মধ্যে ভোপালের ১০০টিরও বেশি স্কুল ছিল। শিক্ষকরা সমর্থন এবং সম্ভাব্য সমস্ত সহায়তা করেছেন।

বেশ কয়েকটি জেলার বাসিন্দারা স্কুল বাঁচাও সমাবেশের আয়োজন করেছিলেন, যেখানে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শত শত অভিভাবক এবং ছাত্রছাত্রী কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেন। ২০১৫-১৬ সালে রাজ্যে ১ লক্ষ ২১ হাজারেরও বেশি সরকারি স্কুল থাকলেও, গত কয়েক বছরে ২৯ হাজারেরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এর ফলে, গত ১০ বছরে রাজ্যে প্রায় ৫০ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ হারিয়েছে। সমিতির পক্ষ থেকে সরকারি স্কুল সংরক্ষণ, শিক্ষকদের স্থায়ী নিয়োগ, জরাজীর্ণ ভবন সংস্কার এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি তোলা হয়।

সমাবেশে উত্তরপ্রদেশ রাজ্য স্কুল বাঁচাও সংগ্রাম সমিতির ইনচার্জ দিলীপ সারওয়ার বলেন, নয়া জাতীয় শিক্ষানীতির অধীনে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে হাজার হাজার স্কুল বন্ধ করার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে জোরদার আন্দোলনের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি বিশিষ্ট সাহিত্যিক এবং শিক্ষাবিদ সুরেন্দ্র রঘুবংশী আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে স্কুল বাঁচাও-ভবিষ্যৎ বাঁচাও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্কুল বাঁচাও সংগ্রাম সমিতির আহ্বায়ক অজিত সিং পানওয়ার বলেন, রাজ্যের ৫৫টি জেলার প্রতিটি গ্রামে এবং শহরে পৌঁছতে হবে এবং প্রতিটি স্কুল বাঁচাতে হাজার হাজার সংগ্রাম সমিতি গঠন করতে হবে। সভা পরিচালনা করেন সংগ্রাম সমিতির সদস্য শ্রুতি শিবহরে।