Breaking News

সূর্যপুরে নিহত স্কুলছাত্রীর বাড়িতে এস ইউ সি আই (সি) প্রতিনিধিদল

নিহত ছাত্রীর বাবার সঙ্গে কথা বলছেন কমরেড তরুণ নস্কর।

৬ জুলাই রাজ্যের সর্বত্র প্রতিবাদ দিবস উপলক্ষে সভা, মিছিল, অবরোধ ইত্যাদি কর্মসূচি হয়। এ দিন জয়নগরের প্রাক্তন বিধায়ক ও এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ নস্করের নেতৃত্বে এক প্রতিনিধিদল বারুইপুর মহকুমার সূর্যপুরে নিহত-ধর্ষিতা স্কুলছাত্রীর বাড়িতে যান এবং মেয়েটির বাবার সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান। এলাকার সব ধর্মমতের মানুষ যেভাবে বিপন্ন পরিবারটির পাশে দাঁড়িয়ে ৪ জুলাই বিকাল থেকে নিখোঁজ মেয়েটির খোঁজ চালিয়েছেন এবং পরে ঐক্যবদ্ধ ভাবে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অন্য দিকে অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন তার জন্য জনসাধারণকে কমরেড নস্কর অভিনন্দন জানিয়েছেন। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ যদি পরিবারের কাছ থেকে নিখোঁজ সংবাদ পাওয়ার পর একটু সক্রিয় হত, তাহলে হয়তো মেয়েটিকে জীবন্ত অবস্থায় ফিরে পাওয়া যেত। আবার সিসিটিভি ফুটেজ দেখে এলাকার মানুষ যাদের পুলিশের হাতে তুলে দিলেন তখন এই পুলিশই অতি সক্রিয় হয়ে শাসকদলের এক নেতার চাপে কয়েক ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দিয়েছে। তিনি এই ঘটনার চরম নিন্দা করেন এবং আর জি কর আন্দোলনের কথা স্মরণ করিয়ে দল-মত-ধর্মের ঊর্ধ্বে উঠে বিচারের দাবিতে জনসাধারণের প্রতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনাটিকে জড়িয়ে সাম্প্রদায়িকতার প্রশ্ন তোলা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কমরেড তরুণ নস্কর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি যে পুলিশ নিষ্ক্রিয় বা অতিসক্রিয় ছিল, তাদেরও শাস্তি দাবি করেছেন। ওই দিন বিকালে কমরেড তরুণ নস্কর ও দলের বারুইপুর সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড নিরঞ্জন নস্করের নেতৃত্বে বারুইপুর থানায় উপরোক্ত দাবিগুলো নিয়ে বিক্ষোভ হয়।