
স্বাস্থ্য দপ্তরের সীমাহীন দুর্নীতি, থ্রেট কালচার, স্বাস্থ্য পরিষেবাকে কর্পোরেট মালিকদের হাতে তুলে দিয়ে মানুষের স্বাস্থে্যর অধিকার কেড়ে নেওয়া, স্বাস্থ্যক্ষেত্রে মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মহিলা রোগীদের শ্লীলতাহানির ঘটনা ক্রমাগত বেড়ে যাওয়া ইত্যাদির প্রতিবাদে এবং স্বচ্ছ বদলি ও পদোন্নতির দাবিতে কলকাতার রামমোহন লাইব্রেরি হলে ২২ নভেম্বর সার্ভিস ডক্টরস ফোরামের ১৪তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালের দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। উত্থাপিত মূল প্রস্তাবের উপর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অধ্যাপক ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তীকে সভাপতি এবং ডাঃ সজল বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ডাঃ স্বপন বিশ্বাস, ডাঃ পুলকেন্দু ঘোষ, ডাঃ কার্ত্তিক নসিপুরীকে সম্পাদক করে ৬৬ জনের রাজ্য কমিটি গঠিত হয়। আগামী দিনে রাজ্যের সব ক’টি জেলা এবং মেডিকেল কলেজে সংগঠন গড়ে তুলে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হয় সম্মেলনে।