বেলদায় রেল পরিষেবার উন্নতির দাবিতে গণঅবস্থান

পশ্চিম মেদিনীপুরে বেলদা ২৪ নম্বর রেলগেটে ওভারব্রিজ স্থাপনের কাজ অবিলম্বে শুরু, বেলদা লোকাল ট্রেনকে বেলতলা-হাওড়া সরাসরি চালানো, উত্তর ও দক্ষিণ ভারতগামী, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, বাঘাযতীন জাজপুর খুরদা রোড ট্রেনটিকে পূর্বের মতো লোকাল ট্রেন হিসাবে চালানো সহ একগুচ্ছ দাবিতে ২৫ জানুয়ারি বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বেলদা শহরে মিছিল ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়। বেলদা ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে কেশিয়াড়ি মোড়ে শেষ হয়। শতাধিক মানুষ মিছিলে পা মেলান। রবীন্দ্র মূর্তির পাদদেশে চলে অবস্থান কর্মসূচি। বহু বিশিষ্ট মানুষ সমাবেশে উপস্থিত থেকে তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন। বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক রামলাল রাঠি, সভাপতি প্রদীপ দাস জানান ২০১৪ সাল থেকে বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের দাবিতেই লাগাতার আন্দোলন চলছে। তাঁরা বলেন, রেল দফতর এই দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনে রেল অবরোধ করতে বাধ্য থাকব।