
আসামের ধর্মীয় সংখ্যালঘু প্রকৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং আরএসএস-বিজেপির যৌথ উদ্যোগে অব্যাহত বিষাক্ত ঘৃণামূলক প্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করে দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস ৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, আপার আসামে ধর্মীয় সংখ্যালঘু, দরিদ্র শ্রমজীবী মানুষের ওপর সম্প্রতি যে আক্রমণের ঘটনা ঘটছে তা রাজ্যের ভয়াবহ সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির ছবিকেই তুলে ধরে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই কঠোর পরিশ্রমী দরিদ্র মানুষরা তাদের জীবিকা নির্বাহ করে এবং রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দরিদ্র পরিশ্রমী মানুষের উপর আক্রমণ কেবল অবৈধই নয়, অমানবিকও। এই অবিরাম ঘৃণার প্রচারে কেবল সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করবে না বরং রাজ্যের অর্থনীতিতেও এর খারাপ প্রভাব পড়বে। বলা বাহুল্য যে, এক শ্রেণির দরিদ্র মানুষ কখনও অন্য শ্রেণির দরিদ্র মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে না বরং সাধারণ শত্রু, নিপীড়কের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়েই তাদের ঐক্য আরও শক্তিশালী হয়। রাজ্যের জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এবং জনবিরোধী শক্তির চক্রান্তকে পরাজিত করতে দরিদ্র পরিশ্রমী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।