বাইক ট্যাক্সি চালকদের দাবি পেশ পরিবহণ মন্ত্রীকে

এআইইউটিইউসি অনুমোদিত কলকাতা সাবার্বান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে বাইক ট্যাক্সি চালকদের বিভিন্ন দাবিতে পরিবহণমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়। বাইক ট্যাক্সি চালকদের পরিবহণ শ্রমিকের স্বীকৃতি দিয়ে সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করা, এগ্রিগেটর বা সার্ভিস প্রোভাইডারদের নিয়ন্ত্রণে এনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা, বাইক ট্যাক্সি পরিষেবাতে রেজিস্ট্রিকৃত বাইক ব্যবহার বাধ্যতামূলক করা সহ দশ দফা দাবিতে পরিবহণ দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

গণেশচন্দ্র অ্যাভিনিউতে জমায়েত হয়ে শতাধিক চালক বাইক নিয়ে মিছিল করে পরিবহণ দপ্তরের সামনে যায়। পুলিশ বাধা দিলে তারা ওখানেই সভা পরিচালনা করে। পরে সম্পাদক দেবু সাউয়ের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যায়। পরিবহণ মন্ত্রী না থাকায় পরিবহণ ডিরেক্টর অরিন্দম মুখার্জী স্মারকলিপি গ্রহণ করেন এবং ১০ দফা দাবির যৌক্তিকতা মেনে নেন। এই দাবিগুলির ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শান্তি ঘোষ, সহ-সভাপতি মলয় পাল একাধিক বাইক ট্যাক্সি চালক। তাঁরা বলেন, পরিবহণ বিধি অমান্যকারী সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে রাজ্য সরকারের পরিবহণ দপ্তর কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না এ প্রশ্নে শান্তি ঘোষ বলেন, দাস ব্যবস্থার মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অ্যাপ ক্যাবের মালিকরা বাইক চালকদের আইডি ব্লক করে দিচ্ছে। পথ দুর্ঘটনায় পীড়িত যাত্রী ও চালকের চিকিৎসা ও ভরণপোষণের কোনও দায়িত্ব গ্রহণ করছে না। সর্বোপরি সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকলেও সার্ভিস প্রোভাইডাররা সেই সুযোগ বাইক চালকদের না দিয়ে অনথিভুক্ত বাইক হায়ার করে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করে চলেছে। দ্রুত দাবিগুলি মেনে নেওয়ার আবেদন জানান তিনি।