
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘‘মধ্য প্রাচ্যে নিজের স্বার্থের দোসর ইজরায়েলকে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ গাজায় নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ প্যালেস্টিনীয়কে হত্যা করেছে। সেখানকার সমস্ত বাড়িঘর, স্কুল, হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই জঘন্য কাজের নিন্দা করেছে গোটা বিশ্ব। এই নির্মম সাম্রাজ্যবাদী হামলার পরে অল্প সংখ্যক যে মানুষজন এখনও বেঁচে রয়েছেন, পেন্টাগনের শাসকরা তাদের প্রতিবেশী দেশে চলে গিয়ে গাজা ভূখণ্ড খালি করে দেওয়ার হুমকি দিয়েছে, যাতে আমেরিকা তা দখল করে নিহত প্যালেস্টিনীয়দের কবরের উপরে ট্যুরিস্ট হাব তৈরি করতে পারে। এই ষড়যন্ত্র সফল করতে মার্কিন সাম্রাজ্যবাদ সম্প্রতি একটি ‘শান্তি সমিতি’ গঠন করার ঘৃণ্য প্রস্তাব দিয়েছে এবং বিভিন্ন দেশকে ওই সমিতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এই ঘটনা শতাব্দীর নিকৃষ্টতম অপরাধ।’’
বিবৃতিতে শান্তি সমিতি-র ধোঁয়াশার আড়ালে মার্কিন সাম্রাজ্যবাদের গাজা দখল এবং তার মধ্য দিয়ে প্যালেস্টিনীয় জনগণের স্বাধীনতার গৌরবোজ্জ্বল লড়াই ব্যর্থ করার হীন চক্রান্তের তীব্র নিন্দা করেন কমরেড প্রভাস ঘোষ। পাশাপাশি গোটা বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী শান্তিপ্রিয় মানুষকে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের এই জঘন্য চক্রান্ত ব্যর্থ করে, সংগ্রামরত প্যালেস্টিনীয়দের পাশে দৃঢ় ভাবে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে বিশ্বজোড়া শক্তিশালী ও সুসংহত সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তুলে প্যালেস্টাইনকে বেআইনি ভাবে দখল করার পেন্টাগনের শাসকদের মতলব ব্যর্থ করা যায়।