
সুইগি, জোম্যাটো, জেপ্টো, ব্লিংকিট, অ্যামাজন, ফ্লিপকার্ট-এর মতো ই-কমার্স ও খাবারের অনলাইন ডেলিভারি কোম্পানিগুলি বিপুল মুনাফার লোভে নানা অসম্ভব এবং কঠিন শর্ত গিগ এবং প্ল্যাটফর্ম কর্মচারীদের ওপর চাপিয়ে চলেছে। ফলে তাদের কর্মজীবন ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠছে। এর প্রতিকারের দাবিতে এই কর্মচারীদের সংগঠন আইএফটিএ (ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স) সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছিল গত ২৫ এবং ৩১ ডিসেম্বর। সারা দেশের হাজার হাজার গিগ কর্মচারী এই ধর্মঘটে শামিল হন।
এ আই ইউ টি ইউ সি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে তাঁদের এই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বলেন, আমরা আন্তরিক ভাবে গিগ ও প্ল্যাটফর্ম কর্মচারীদের লড়াইয়ের পাশে আছি। তিনি দাবি করেন, বিপজ্জনক ‘দশ মিনিটে ডেলিভারি’-র শর্ত বন্ধ করা, স্বচ্ছ ও উপযুক্ত সুনির্দিষ্ট মজুরি, যুক্তিসঙ্গত ইনসেনটিভ চালু করা। যুক্তিসঙ্গত কাজের সময় ও আবশ্যিক বিশ্রামের সুযোগ দেওয়া, যখন তখন আইডি ব্লক করা ও জরিমানা চাপানো বন্ধ, অভিযোগ নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা চালু করতে হবে। গিগ কর্মচারীদের সম্পূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা, পেনশন, কাজের স্থায়িত্ব ও কর্মক্ষেত্রে যথাযথ সম্মান দেওয়ার দাবি জানান তিনি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি এই কর্মচারীদের ন্যায্য দাবিগুলির প্রতি যে ঔদাসীন্য দেখাচ্ছে তার তীব্র নিন্দা করে কমরেড শঙ্কর দাশগুপ্ত দাবি করেন, সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।