
ত্রিপুরায় পরিকাঠামোর উন্নয়ন না করে আচমকা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার ফলে ওই হাসপাতালে রোগীর ভিড় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। টিকিট সংগ্রহ থেকে ডাক্তার দেখানো এবং পরীক্ষা-নিরীক্ষায় লম্বা লাইন। রোগীর সংখ্যা অনুপাতে টিকিট কাউন্টার নেই। প্রতিটি বিভাগে ওপিডি-র সংখ্যা কম। রোগীরা বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। রোগীদের বসার জায়গা, ফ্যান, পানীয় জল, শৌচালয়ও অপ্রতুল। চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, অথচ হাসপাতালেও চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এই অবস্থায় রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল জিবিপিতে সব রোগীর সঠিক পরিষেবা দিয়ে তাদের জীবন রক্ষা করতে এসইউসিআই(সি) দাবিগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখায় ও এক প্রতিনিধি দল দপ্তরের ডাইরেক্টরের কাছে দাবি সংবলিত স্মারকলিপি দেয়। দাবিগুলি হল– এই হাসপাতালে আসা সকল রোগীর চিকিৎসা সুনিশ্চিত করতে হবে, যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, প্রতিটি বিভাগে ওপিডি-র সংখ্যা বৃদ্ধি করতে হবে, মুমূর্ষু রোগীকে দ্রুত চিকিৎসা দিতে প্রতিটি বিভাগে জরুরি ব্যবস্থা রাখতে হবে, প্রতিটি বিভাগে সর্বক্ষণ বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি সুনিশ্চিত করতে হবে, টিকিট কাউন্টার বৃদ্ধি করে অফলাইনেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করতে হবে, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা সম্প্রসারিত করতে হবে, প্রতিটি বিভাগে ও রেজিস্ট্রেশন কেন্দ্রে পর্যাপ্ত বসার ব্যবস্থা, ফ্যান ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে।