
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)। এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকায় একাধিক আত্মহত্যার অভিযোগও সামনে এসেছে।
এই আবহে ২২ নভেম্বর সি পি ডি আর এস-এর ডায়মন্ডহারবার মহকুমা কমিটির উদ্যোগে ‘এস আই আর নাকি এন আর সি’ শীর্ষর্ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত বক্তা সুজাত ভদ্র বলেন, ‘নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনও সাংবিধানিক ক্ষমতা নেই। একজন নাগরিককে ডেকে তিনি নাগরিক কি না, তারপ্রমাণ চাওয়া সম্পূর্ণ বেআইনি এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া। এটি আইনের পরিপন্থী।’
সভায় শতাধিক মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক, কোষাধ্যক্ষ জ্ঞানতোষ প্রামাণিক এবং মহকুমা সম্পাদক সেরিফ হোসেন পুরকাইত। বক্তারা স্পষ্টভাবে বার্তা দেন যে, নাগরিকত্ব প্রমাণের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।