
এই রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অধীনে সিএইচজি ও এভিডি কর্মীরা স্বাস্থ্য বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ’৮০র দশকে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার কাজে ‘কমিউনিটি হেলথ গাইড’ (সিএইচজি)-দের নিয়োগ করা শুরু হয়। বর্তমানে তাঁরা মাসিক ৪০০ টাকা ভাতা পান। অন্য দিকে ’৯০-এর দশকে নিরাপদ প্রসব এবং মা-শিশুর মৃত্যুর হার কমাতে প্রশিক্ষণ এবং প্রসবের প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে গ্রামে গ্রামে ‘ট্রেন্ড দাই’ (টিডি)-দের নিয়োগ শুরু হয়়। টিডি-রা বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, সাব সেন্টার এবং ব্লক হাসপাতালগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও জল দেওয়ার কাজ করেন। কোথাও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাব সেন্টারের যাবতীয় কাজকর্ম করানো হয় তাঁদের দিয়ে। বর্তমানে তাঁদের মাসিক ভাতা মাত্র ৫৫০ টাকা।
এ ছাড়াও গ্রামীণ এলাকায় ইমিউনাইজেশন ক্যাম্পে কুলচেন থেকে নিয়ে ভ্যাকসিন বক্স পৌঁছে দেওয়া এবং কাজ শেষ হলে ভ্যাকসিন বক্স আবার কুলচেনে জমা দেওয়ার কাজ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এভিডি কর্মীরা করে আসছেন।
ভাতা বৃদ্ধি সহ নানা ন্যায্য দাবিতে দীর্ঘদিন ধরে সিএইচজি, টিডি ও এভিডি কর্মীরা আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনকে শক্তিশালী করতে এআইইউটিইউসি অনুমোদিত অল বেঙ্গল এভিডি ওয়ার্কার্স ইউনিয়ন ও ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের বীরভূম জেলা কমিটির উদ্যোগে ১৫ নভেম্বর সিউড়িতে কর্মী সম্মেলন হয়। উপস্থিত ছিলেন রাজ্য সংগঠক নিখিল বেরা ও ঊষা আচার্য। সম্মেলন থেকে শেখ নজরুলকে সভাপতি, নয়ন সাহাকে সম্পাদক, কাজল চক্রবর্তীকে সহ-সম্পাদক ও রুদ্র ভাণ্ডারীকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠিত হয়।