Breaking News

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের ৮৫তম বার্ষিকী উদযাপন

ভারত ছাড়ো আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উপলক্ষে আগস্ট আন্দোলনের শহিদ স্মরণে এসইউসিআই(সি)-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির আহ্বানে জেলা জুড়ে ৯ আগস্ট দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। সকালে তমলুক শহরে শহিদ মাতঙ্গিনী, ক্ষুদিরাম বসু প্রমুখ বিপ্লবীদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় স্মরণ অনুষ্ঠান। রূপশ্রী মোড়ে সকালে একটি প্রকাশ্য সভা হয়। মূল বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনুরূপা দাস। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক প্রণব মাইতি ও সদস্য লেখা রায়। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। সভা শেষে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রায় শামিল হন দলের কর্মী-সমর্থক-সাধারণ মানুষ।

জেলার কোলাঘাট ব্লকে বাগুর গ্রামের নেতাজি মূর্তির পাদদেশ থেকে দেউলিয়া বাজার হয়ে পুলসিটা নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রায় শামিল হন দলের কোলাঘাট-২ লোকাল কমিটি এলাকার কর্মী-সমর্থকেরা। তমলুক ছাড়াও মেছেদা, ভোগপুর, পাঁশকুড়া, মহিষাদল, নিমতৌড়ি, ময়না সহ জেলার বিভিন্ন স্থানে দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।