
পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোটের পর প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘পরিবর্তন ভাল লাগছে তো’! কী পরিবর্তন, কিসের থেকে কিসে পরিবর্তন, কেমন পরিবর্তন, এ সব বুঝে ওঠার আগেই রাজ্যের জনসাধারণ দেখছেন, তোলাবাজি, গুন্ডামি, পাড়ায় পাড়ায় গা জোয়ারি এই সব ব্যাপারে পরিবর্তন দূরের কথা, শাসক হিসাবে বিজেপি তার পূর্বসূরী তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ও সিপিএমকে ছাড়িয়ে বহু দূরে পৌঁছে গেছে সরকারি গদি লাভের ছ’মাস পূর্তির আগেই। এর সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, বিরোধী দলের ওপর আক্রমণ, বইয়ের স্টল ভাঙা এমনকি বইয়ের স্টলে বোমা মারার রেকর্ডও তারা অর্জন করে ফেলেছে।
শুধু বিরোধীরা এবং ভুক্তভোগী সাধারণ মানুষ এ কথা বলছে না, একাধিক জেলায় শাসক দলের বিধায়ককে দলীয় কর্মীদের তোলাবাজি এবং বিজেপি মদতপুষ্ট মস্তানদের দৌরাত্ম্যের বিরুদ্ধে রাস্তায় নামতে দেখা যাচ্ছে। পানিহাটিতে এক বিজেপি কর্মীর হাতে আর এক কর্মী খুন হওয়া দেখে সেখানকার বিধায়ক রত্না দেবনাথ বলে ফেলেছেন, ‘বিজেপি না জিতলেই বোধহয় ভাল ছিল’! প্রসঙ্গত, বিজেপিকে জেতালে তার জোরে অভয়ার ন্যায়বিচার আদায়ের প্রতিশ্রুতি তিনিই দিয়েছিলেন।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির ভাষ্য হল– ‘এটা বিজেপির সংস্কৃতি নয়’, ‘ওরা আমাদের দলের কেউ নয়’, ইত্যাদি। বিজেপির সংস্কৃতিটা ঠিক কী তা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, যেমন মুশকিল হয়ে যাচ্ছে এরা তা হলে কারা, তা বোঝা! কারণ, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এই দুষ্কৃতীদের পক্ষে গলা ফাটিয়ে নানা মন্তব্য করে তাদের পুরোপুরি সমর্থন জোগাচ্ছেন! বিজেপি সরকারের পুলিশও এদের সম্পূর্ণ সহযোগিতা করে চলেছে! কলকাতা মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ও ইন্টার্নদের ওপর হামলা, অধ্যক্ষের অফিস ভাঙচুরে যাদের ছবি দেখা গেছে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী! এখনও পর্যন্ত পুলিশ একজনও হাঙ্গামাকারী কিংবা তোলাবাজকে গ্রেপ্তার করেনি! এরা ‘বিজেপির কেউ না’ হয়েও তার ‘সংস্কৃতি’ পালন না করেই কী করে বিজেপি সরকারের এত সমর্থন-সাহায্য-সহযোগিতা এবং পুলিশের বদান্যতা পেয়ে যাচ্ছে? নানা এলাকায় বিজেপির অফিসগুলিতে এই লোকগুলিই তো আসর জমিয়ে বসে আছে! বিজেপি তাদের কাজেও লাগাচ্ছে।
কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুরের বাজকুলে এসইউসিআই(সি) এবং এআইডিএসও কর্মীদের ওপর আক্রমণ যারা করেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এসআরএফটিআইতে যারা হামলা চালিয়েছে তাদের সকলেই আরএসএস-বিজেপি পরিচালিত সংগঠনের সদস্য। বিজেপির দলীয় অভ্যন্তরীণ সভাতেও তোলাবাজদের বিজেপিকরণ নিয়ে যে সমস্ত কথা উঠে আসছে তাতে এদের পরিচয় স্পষ্ট। বিজেপি নেতারা সংবাদমাধ্যমের কাছে বলে ফেলেছেন, বহু বিজেপি নেতার পাশের বাড়ির লোকও ৪ মে-র আগে জানত না যে তিনি বিজেপি করেন।
বাস্তবে বিজেপির নেতারা জানেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তাঁরা জিতেছেন এই কারণে নয় যে, সাধারণ মানুষ তাঁদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কোনও বিকল্প সুশাসন আশা করেছিল! ভোটের আগে মানুষের মুখে মুখে কথা ছিল— যে আসে আসুক, এরা যাক। তিতিবিরক্ত মানুষ অতীতে যেমন করে এক শাসকের বদলে আর এক শাসককে ভোট দিতে গিয়ে অচল টাকার এ পিঠের বদলে ও পিঠটাকে ঠিক মনে করেছে, এ বারেও তাই হয়েছে। তার সাথে ছিল বিজেপির স্বার্থে নির্বাচন কমিশনের এসআইআর করে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারকে বাদ দেওয়া।
আর এর সাথে সবচেয়ে বেশি কাজ করেছে বিজেপির পক্ষে দেশের বৃহৎ পুঁজিপতিদের টাকার থলির বদান্যতা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কাজে লাগিয়ে সিবিআই-ইডির ভয় দেখিয়ে বিরোধীদের ভাঙিয়ে নেতা-কর্মী কেনা। হয় টাকার লোভ, না হলে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়া এবং সরকারে এলে যথেচ্ছ করে খাওয়ার প্রতিশ্রুতি, এই মূল্য দিয়েই তো বিজেপি দুষ্কৃতী বাহিনীকে কিনেছে! তা হলে তারা এখন এই কাজে পিছিয়ে থাকবে কেন? করে খাওয়ার প্রতিশ্রুতি অনুসারে দল ও সরকারের একেবারে উঁচু থেকে নিচু সর্বস্তরেই লুঠের বাজার তৈরির চেষ্টা স্বাভাবিক। এরাই তো বিজেপির সম্পদ।
অবশ্য, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতেই বিজেপির অন্য নাম হল ‘ওয়াশিং মেশিন’। আজকের দিনে ক্ষয়িষ্ণুর বুর্জোয়া ব্যবস্থা যে দুর্নীতির জন্ম দেয় তা এই ব্যবস্থার রক্ষক দলগুলিকে দুর্নীতির কম-বেশি প্রশ্রয়দাতা করে তোলে। বিজেপি ক্ষমতা দখলের লালসায় সমস্ত দলের দুর্নীতিগ্রস্তদের নির্লজ্জভাবে কিনে চলেছে। ১৯৮০-র দশকে প্রতিষ্ঠার সময় বিজেপি নেতারা নিজেদের সম্বন্ধে প্রচার করতেন ‘পার্টি উইথ এ ডিফারেন্স’ অর্থাৎ বিজেপি একটা ‘অন্য ধরনের দল’। তখন কংগ্রেসের ওপর বীতশ্রদ্ধ মানুষের সমর্থন পাওয়ার কৌশল হিসাবে তাঁরা মুখে কিছু নীতি-নৈতিকতার কথা বলতেন। এখন কী নীতির কথা বলবে বিজেপি? যে অযোধ্যার রাম মন্দির নিয়ে সারা দেশে উন্মাদনা তুলে তারা ভোট চেয়েছিল, এখন সেই মন্দিরের টাকা চুরির সাথে তাদের নাম জড়িয়ে! তাই এখন বিজেপি অন্য ভোটবাজ দলের সাথে নিজেদের সম্বন্ধে একটা ‘ডিফারেন্স’-এর কথাই বলতে পারে– অন্যদের দুর্নীতি-তোলাবাজি প্রসঙ্গে যদি বা কিছু চক্ষুলজ্জা থেকে থাকেও, তাদের সে বালাইও আর নেই। কিন্তু আজও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলন, বামপন্থার প্রতি মানুষের যে আকর্ষণ তা দেখে বিজেপি বুঝেছে তাদের এই রাজনীতি সহজে মানুষ মানবে না। আজকের দিনে ভোটে জেতা আর জনমানসে জয়লাভ দুটোর পার্থক্য যে কত বড় তা রাজ্যে ভোটে জেতার কিছুদিন পর থেকেই বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রকাশ দেখে আবার স্পষ্ট হচ্ছে। এই কারণেই বিজেপিকে তাদের পুরনো ‘মুখ আর মুখোশে’-র কৌশল নিতে হচ্ছে। এক দল নির্লজ্জ তোলাবাজি এবং গুন্ডামি করে চলেছে, মুখ্যমন্ত্রী তাকে সমর্থন জোগাচ্ছেন। অন্যদিকে কিছু নেতাকে দিয়ে তারা বলাচ্ছে– এগুলো আমরা চাই না। উভয়েই বিজেপি, উভয়েই এর জোরে ক্ষমতার স্বাদ ভোগ করছেন।