
সাম্যবাদকে জানতে হলে আমাদের কী দরকার? … কারও মনে হতে পারে, সাম্যবাদ শেখা বলতে বোঝায়— কমিউনিস্ট বইপত্র, পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি পড়ে যে-সব জ্ঞান লাভ হয় সেগুলিকে ভাল করে আয়ত্ত করে নেওয়া। কিন্তু সাম্যবাদ অধ্যয়নের এই সংজ্ঞা খুবই অপরিণত, অপ্রতুল। যদি সাম্যবাদ শিক্ষা মানে কেবলমাত্র সাম্যবাদী বই ও পুস্তিকায় নিবদ্ধ বিষয়গুলি গুলে খাওয়া হয়, তা হলে আমরা বড়জোর কিছু কমিউনিস্ট শাস্ত্রবাগীশ অথবা দাম্ভিক লোক পাব। এরা আমাদের প্রায়শই ক্ষতি করে, কারণ, এই ধরনের লোক যারা সাম্যবাদী বই ও পুস্তিকাগুলিকে যান্ত্রিক ভাবে মুখস্থ করেছে, তারা জ্ঞানের সমস্ত শাখাগুলির মিলন ঘটাতে অক্ষম এবং সাম্যবাদ প্রকৃতপক্ষে যা চায়, সেই অনুসারে কাজ করতে অপারগ।
পুরনো পুঁজিবাদী সমাজ আমাদের জন্য সব থেকে খারাপ ও দুর্ভাগ্যজনক যা রেখে গেছে, তা হল বই এবং বাস্তব জীবনের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ। অবশ্য এমন বই আছে যাতে বহু কিছুর সুন্দর ব্যাখ্যা মেলে। তবু বেশির ভাগ ক্ষেত্রে এগুলি অত্যন্ত ক্ষতিকর, ভণ্ডামিতে ভরা এবং পুঁজিবাদী সমাজের মিথ্যা বর্ণনায় ঠাসা।
সেই কারণেই সাম্যবাদ সম্পর্কে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করার চেষ্টা একবারেই ভ্রান্ত। আমাদের লেখা আর বত্তৃতাগুলি শুধুমাত্র সাম্যবাদ সম্পর্কে প্রচলিত কথাগুলির পুনরাবৃত্তি নয়। কারণ, আমাদের বত্তৃতা ও প্রবন্ধাবলি সমস্ত ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক কাজের সঙ্গে যুক্ত। কাজ এবং সংগ্রাম ব্যতিরেকে সাম্যবাদ সম্পর্কিত পুঁথিগত বিদ্যা সম্পূর্ণ অকেজো। কারণ তত্ত্ব ও প্রয়োগের সেই পুরনো বিচ্ছিন্নতা, যা পুঁজিবাদী সমাজের সব থেকে ক্ষতিকর বৈশিষ্ট্য, এটা তারই ধারাবাহিকতা।
… মানবসমাজ যে জ্ঞানসম্পদ আহরণ করেছে, তা আয়ত্ত না করেই সাম্যবাদী হওয়া যায়— এমন সিদ্ধান্ত নিয়ে চলার অর্থ মহাভুলের খপ্পরে পড়া। যে সম্মিলিত জ্ঞানের ফসল সাম্যবাদ, তাকে আয়ত্ত না করে কেবল মাত্র সাম্যবাদী স্লোগান ও সাম্যবাদী বিজ্ঞানের সিদ্ধান্তগুলি শেখাই যথেষ্ট, এই রকম ভাবলে ভুল হবে। মানবজাতির জ্ঞানভাণ্ডারকে একত্রিত করার মধ্য দিয়ে কী ভাবে সাম্যবাদের উদ্ভব ঘটেছে মার্ক্সবাদই তা দেখিয়েছে।
একজন সাম্যবাদ শিখতে পারে তখনই, যদি সে শোষণমূলক পুরনো সমাজের বিরুদ্ধে সর্বহারা ও শ্রমজীবী জনগণের ধারাবাহিক সংগ্রামের সঙ্গে প্রতি পদক্ষেপে নিজের অধ্যয়ন, অনুশীলন ও শিক্ষাকে যুক্ত করে। অন্যরা যখন আমাদের নৈতিকতার কথা বলে, আমরা বলি, শোষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল, সচেতন গণসংগ্রামের মধ্যেই সাম্যবাদীর সমস্ত নীতিবোধ নিহিত আছে। আমরা কোনও চিরন্তন নৈতিকতায় বিশ্বাস করি না এবং আমরা নীতিবোধ সম্বন্ধে সমস্ত মিথ্যা গালগল্পের মুখোশ খুলে দিই। মানব সমাজকে উন্নত স্তরে পৌঁছে দেওয়া, শ্রমকে শোষণ-মুক্ত করার জন্যই প্রয়োজন নৈতিকতার।
এই লক্ষ্য অর্জনের জন্য আমরা যুব সমাজের সেই প্রজন্মকে চাই, যারা বুর্জোয়াদের বিরুদ্ধে শৃঙ্খলাবদ্ধ ও বেপরোয়া লড়াইয়ের মধ্য দিয়ে রাজনৈতিক ভাবে সুশিক্ষিত হতে শুরু করেছে। এই সংগ্রামে তারাপ্রকৃত সাম্যবাদীদের পথ ধরে এগিয়ে চলেছে। এই প্রজন্মকে অবশ্যই এই সংগ্রামকে শিরোধার্য করতে হলে প্রতিটি পদক্ষেপে নিজেদের অধ্যয়ন শিক্ষা ও তালিমকে এই সংগ্রামের সঙ্গে যুক্ত করতে হবে। মিষ্টি কথা আর কাল্পনিক নৈতিকতার বাণী দিয়ে সাম্যবাদী যুবকদের শিক্ষা হবে না। … সাম্যবাদকে সংহত করা এবং তাকে পরিপূর্ণ রূপে পাওয়ার জন্য সংগ্রামই কমিউনিস্ট নৈতিকতার ভিত্তি। সাম্যবাদী অনুশীলন, শিক্ষা ও প্রশিক্ষণেরও ভিত্তি এটাই। এই হল সাম্যবাদ কী ভাবে শেখা উচিত সেই প্রশ্নের উত্তর।
‘দি টাস্কস অফ দি ইয়ুথ লিগস’