
কেন্দ্রীয় বিজেপি সরকার আইডিবিআই ব্যাঙ্কে তাদের এবং এলআইসি-র ৬০.৭২ শতাংশ শেয়ার কানাডার এক ধনকুবেরের মালিকানাধীন ‘ফেয়ার ফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিং’ কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার ছাড়পত্র দিয়েছে। এর প্রতিবাদে ‘ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসারস অ্যান্ড এমপ্লয়িজ’ ও ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম’ (এআইবিইইউএফ) ২-৩ নভেম্বর সারা দেশে এক যোগে ধর্মঘটের ডাক দেয়। অনেক জায়গায় তাঁরা অনশন ধর্মঘট করেন। সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ হুমকি দিয়ে, পুলিশ পাঠিয়ে ধর্মঘট ভাঙতে চেষ্টা করলেও ধর্মঘটে বিপুল সাড়া পাওয়া যায়।
ধর্মঘটের অন্যতম আহ্বায়ক অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল এই পদক্ষেপটি নিঃসন্দেহে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ এবং মূল্যবান সরকারি সম্পদ বেসরকারি ও বিদেশি পুঁজির হাতে তুলে দেওয়ার কেন্দ্রীয় সরকারের নীতিরই অংশ। বর্তমানে এই ব্যাঙ্কে আমানতের পরিমাণ তিন লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা। গত তিনটি আর্থিক বছরে আইডিবিআই ৫ হাজার ৬০০ কোটি, ৭ হাজার ৫০০ কোটি, ৯ হাজার ৫০০ কোটি টাকা নিট মুনাফা করেছে। এই রকম একটি লাভজনক ব্যাঙ্ককে বিক্রি করে মাত্র ৫৩ হাজার কোটি টাকা আয় করতে চেয়েছে সরকার। এআইবিইইউএফ উদ্বেগ প্রকাশ করে বলেছে, বেসরকারিকরণের পর ব্যাঙ্কের কর্মীদের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নীরব। কর্মীদের চাকরি রক্ষা, চাকরির শর্তাবলি, বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা বা অন্যান্য বিদ্যমান অধিকারের সুরক্ষার বিষয়ে কোনও স্পষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি। যে কর্মীদের শ্রমে ব্যাঙ্কটির বৃদ্ধি ঘটেছে ও মুনাফা হয়েছে তাদের এ ভাবে বেসরকারি মালিকদের দয়ার ওপর ছেড়ে দেওয়া যায় না।
এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত ২৫ অক্টোবর এক বিবৃতিতে বলেন, সরকারি কর্তারা ও কানাডিয়ান ধনকুবের গোষ্ঠী বাঙ্কের কর্মীদের স্বার্থ রক্ষা করা ও তাদের চাকরির শর্ত পরিবর্তন না করার প্রতিশ্রুতি দিলেও ২০০৩-এ সংসদে সরকার আইডিবিআই-এর বেসরকারিকরণ না করার প্রতিশ্রুতি দিলেও আইডিবিআই আইন বাতিল করে তাকে বাণিজ্যিক ব্যাঙ্কে পরিণত করেছে।
ব্যাঙ্ক অফ রাজস্থান, ব্যাঙ্ক অফ মাদুরাকে আইসিআইসিআই ব্যাঙ্কের সাথে মিলিয়ে দেওয়ার পর কর্মীদের নির্দয়ভাবে ছাঁটাই করা হয়েছে। এই উদাহরণ মাথায় রেখে আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার মতো আইডিবিআই ব্যাঙ্কও জনগণের টাকা এবং কর্মীদের শ্রমে গড়ে উঠেছে। বেসরকারিকরণ করলে এবং বিদেশি পুঁজির হাতে এর নিয়ন্ত্রণ তুলে দিলে জনস্বার্থ বিঘ্নিত হবে।
কেন্দ্রীয় সরকারের কাছে এআইইউটিইউসি এবং এআইবিইইউএফ এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার ও লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে দেশি-বিদেশি মালিকদের কাছে বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছে।