Breaking News

ঝাড়খণ্ডের খনিতে রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার তীব্র বিরোধিতা

কেন্দ্রীয় বিজেপি সরকার ১২ আগস্ট বিনা আলোচনায় সংসদে খনি এবং খনিজ সম্পদ (বিকাশ ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে। এর ফলে খনিজ সম্পদ সমৃদ্ধ জমি ও খনিজ উত্তোলনের জন্য রাজ্যগুলি আর সেস, কর বা অন্য লেভি দাবি করতে পারবে না। এমনকি বকেয়াও আর রাজ্যগুলি চাইতে পারবে না।

এসইউসিআই(সি)-র ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক কমরেড স্বপন চ্যাটার্জী এর তীব্র বিরোধিতা করে ১৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, খনি শিল্পে বিনিয়োগ করে দেশি-বিদেশি পুঁজিপতিদের বিপুল মুনাফা পাইয়ে দেওয়ার জন্য এই আইন এনেছে বিজেপি সরকার। এর ফলে ঝাড়খণ্ডের মতো গরিব রাজ্য বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরেও এই আইন একটি আঘাত। এই আয়ের ওপর ভিত্তি করে ঝাড়খণ্ড রাজ্যে ৫১ লাখ মহিলাকে সরকার ভাতা দিত। টাকার অভাবে এখন তা বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য জিএসটি সহ অন্য বকেয়াও দিচ্ছে না।

তিনি বলেন, ২০২৪-এ সুপ্রিম কোর্ট খনিজ সম্পদ সমৃদ্ধ জমি ও তার উত্তোলনের জন্য রাজ্যের প্রাপ্য সেস ও করকে রাজ্যের ন্যায্য অধিকার বলেছিল। বিজেপি সরকার গায়ের জোরে আইন এনে সেই অধিকার খর্ব করল। এই আইন বাতিল করার দাবি জানিয়ে ঝাড়খণ্ডবাসী গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আন্দোলনে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।