Breaking News

পশ্চিমবঙ্গে আচমকা রাজ্যপাল বদল সম্পর্কে এসইউসিআই(সি)

পশ্চিমবঙ্গের রাজ্যপালের আচমকা বদল সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৬ মার্চ এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শাসক বিজেপির চাপেই, সে ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই। রাজ্যপালকে দিয়ে বিরোধী দল শাসিত রাজ্য সরকারগুলির উপর ছড়ি ঘোরানোর অগণতান্ত্রিক প্রথা কেন্দ্রীয় সরকার বহুদিন ধরেই চালিয়ে আসছে। কংগ্রেসের দীর্ঘ শাসনের সময় থেকে যে রীতি শুরু হয়েছিল, বিজেপির সময়ে তা আরও নগ্ন রূপ ধারণ করেছে। সাম্প্রতিক কালে জগদীপ ধনখড় এবং সি ভি আনন্দ বোসের কর্মপদ্ধতি তার জ্বলন্ত প্রমাণ।

এ রাজ্যে যাঁকে নিযুক্ত করা হল সেই আর এন রবির তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে ভূমিকা একই রকম অগণতান্ত্রিক। রাজ্যের জনসাধারণ যখন তৃণমূল কংগ্রেস সরকারের চূড়ান্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রাম করছে তখন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই পরিবর্তন কেন্দ্রের শাসক দলের তরফে আরও অগণতান্ত্রিক পদক্ষেপের ইঙ্গিতবহ। আমাদের দৃঢ় বিশ্বাস, তৃণমূল সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রামের সাথে সাথে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধেও রাজ্যের জনসাধারণ এগিয়ে আসবেন।