
দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকায় ২৩ মে হকার উচ্ছেদ করা হবে বলে রেল দপ্তর নোটিস দেয়। যদিও সেই নোটিসে কর্তৃপক্ষের স্বাক্ষর ছিল না। প্রতিবাদে ওই দিন ‘সারা বাংলা হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী, বসতি উচ্ছেদ বিরোধী কমিটি’র আহ্বানে সহস্রাধিক হকার ও সাধারণ মানুষ মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন। কমিটির সভাপতি মুন্সি আব্দুল হাই বলেন, এই লড়াইয়ে কোনও দল মত রঙ না দেখে হকারদের রুটি-রুজি রক্ষার প্রয়োজনে দীর্ঘস্থায়ী আন্দোলন চালাতে হবে। এআইইউটিইউসি অনুমোদিত অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সদস্য বিশ্বনাথ সরদার বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এসে একচেটিয়া ব্যবসায়ীদের স্বার্থে কোনও বিকল্প ব্যবস্থা না করে গরিব মানুষের রুটি-রুজি কেড়ে নিয়ে রেলওয়ে হকারদের উচ্ছেদ করতে শুরু করেছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন তীব্রতর করতে হবে।