Breaking News

স্মার্ট মিটারঃ বাধ্যতামূলক করা চলবে না

বিরোধী দলনেতা থাকাকালীন বিদ্যুতের স্মার্ট মিটার সম্পর্কে বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর তা বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ করলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

১৩ জুন এক বিবৃতিতে তিনি বলেন, বিরোধী দলনেতা থাকাকালীন ২০২৫-এর ৩০ মে বর্তমান বিজেপি মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্মার্ট মিটারের নামে রাজ্যবাসীর উপর অর্থনৈতিক বোঝা চাপাতে চাইছে তৃণমূল কংগ্রেস পরিচালিত তৎকালীন রাজ্য সরকার। তিনি বলেছিলেন, ‘জোর করে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। বারাসত, নিউটাউন, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা, পানিহাটি, বরানগরে শুরু করেছে।’ আইনের কাগজ দেখিয়ে তিনি আরও বলেছিলেন, ‘এই আইনে উল্লেখ আছে এটা বাধ্যতামূলক নয়, অপশনাল। মনে করলে লাগাবেন স্মার্ট মিটার, না হলে লাগাবেন না…যদি মনে করেন, লাগাবেন না স্মার্ট মিটার, তা হলে এজেন্সির লোককে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দিন। এই এজেন্সি থেকে ৩০ শতাংশ কমিশন নেয় তৃণমূল। স্মার্ট মিটার লাগালে ১২ মাসের বদলে ১৩ মাসের বিল আসবে।’ অথচ মুখ্যমন্ত্রী হয়ে এখন তাঁর সরকার জোর করে স্মার্ট মিটার লাগাচ্ছে। প্রথমে সরকারি অফিস, তারপর সরকারি কর্মচারী ও শিক্ষকদের বাড়িতে এবং ধাপে ধাপে সারা রাজ্যে তা বসানোর ফরমান জারি করা হয়েছে। উল্লেখ্য, আরডিএসএস একটি সরকারি স্কিম যা কোনও নাগরিকের উপর বাধ্যতামূলক হতে পারে না।কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, আমরা এই দ্বিচারিতার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।