Breaking News

জুনিয়র ডাক্তারদের প্রতি সরকারের আচরণ প্রতিহিংসামূলক

মেডিকেল কলেজের ৮ জন জুনিয়র ডাক্তারকে শো-কজ করার প্রতিবাদ জানিয়ে এসইউসিআই(কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন,

চোরবাগান দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জন নাগরিক প্রাণ হারান, আহত হন অনেকে। মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত ও আহতদের নিয়ে আসা হয়। কিন্তু ওই হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো ছিল না বলে অভিযোগ। পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা, তাঁদের শো-কজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ তোলা হয়েছে– কর্তব্যরত অবস্থায় নাকি প্রতিবাদ করা যায় না। অথচ বাস্তব হল, তাঁরা কর্তব্যে অবহেলা করেননি, বরং ওই পরিকাঠামোর মধ্যেই সাধ্যমতো পরিষেবা দিয়েছেন। তিনি বলেন, আমরা মনে করি কর্তব্যরত অবস্থাতেও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার জুনিয়র ডাক্তারদের আছে। অভয়ার ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনার প্রতিবাদ ডাক্তার-নার্সরা কর্তব্যরত অবস্থাতেই করেছিলেন। সেই প্রতিবাদের ফলেই আন্দোলন সারা দেশে, এমনকি বিদেশেও ছড়িয়ে পড়ে। আমরা মনে করি, জুনিয়র ডাক্তাররা পরিকাঠামোর যে খামতির কথা তুলেছেন, সরকারের উচিত দ্রুত তা পূরণ করা। আমরা রাজ্য সরকারের এই প্রতিহিংসামূলক আচরণের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে শো-কজের চিঠি প্রত্যাহার করার দাবি করছি।