Breaking News

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী পালন

বেলদা

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে এসইউসিআই(কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে ৭-১৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। ৭ নভেম্বর ধর্মতলায় লেনিন মূর্তিতে সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ মাল্যদান করেন। এ দিন সমস্ত দলীয় অফিস এবং জনবহুল স্থানে সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিন ও স্ট্যালিনের ছবিতে মাল্যদান করা হয়। রাজ্য জুড়ে প্রায় ১০০টি বুকস্টল হয়। দলের উদ্যোগে ‘মার্ক্স লেনিন– নভেম্বর বিপ্লব ও ভারতবর্ষ’ নামে একটি বই প্রকাশ করা হয়। এ ছাড়া সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের লেখা ‘শতবর্ষে মহান নভেম্বর বিপ্লব’ এবং এআইডিএসও প্রকাশিত ‘সমাজতন্ত্র কেন চাইঃ বিশিষ্টজনদের ভাবনায়’ বইগুলি ব্যাপক সংখ্যক মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। লক্ষণীয় যে, শারদীয় বুকস্টলের মতো এ বারও উত্তর ২৪ পরগণার বারাসাত কলোনি মোড় সহ বিভিন্ন জায়গায় শাসক দল হামলা চালিয়ে স্টল ভেঙে দেয়। জনসাধারণের সহায়তায় কর্মীরা তা প্রতিরোধ করে পরদিন আবার স্টল তৈরি করেন। মহান নভেম্বর বিপ্লবের ইতিহাস চর্চার জন্য জন রিডের লেখা ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ অবলম্বনে কয়েকটি পর্বে ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়, যা বহু মানুষ দেখেন।

১৭ নভেম্বর রাস্তার মোড়ে মোড়ে নভেম্বর বিপ্লবের স্মারক ব্যাজ পরানো হয় এবং কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলার বহু স্থানে নভেম্বর বিপ্লবের তাৎপর্য নিয়ে জনসভা হয়। দেশের অন্যান্য রাজ্যেও এই কর্মসূচি পালিত হয়।