
৫ আগস্ট এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী চিন্তানায়ক ও এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫০ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল দেশ জুড়ে। ২৩টি রাজ্যের রাজধানী শহরে জনসভা ছাড়াও প্রতিটি রাজ্যেই জনবহুল স্থানগুলিতে মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, তাঁর স্মরণে রচিত সঙ্গীতের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান হয়।
ঝাড়খণ্ডঃ ঘাটশিলায় মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা শিক্ষাকেন্দে্র ৫ আগস্ট অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের পলিটবুরো সদস্য সৌমেন বসু। কেন্দ্রীয় কমিটির সদস্য, ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক স্বপন চ্যাটার্জী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিল্লিঃ মহান নেতা স্মরণে ৯ আগস্ট দিল্লিতে সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন পলিটবুরো সদস্য সত্যবান। সভাপতিত্ব করেন দলের রাজ্য কমিটির সদস্য আর কে পরাশর। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক প্রাণ শর্মা, গিরওয়ার সিং, ম্যানেজার চৌরাসিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
বিহারঃ ‘সাম্প্রতিক জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে জনজীবনের ক্ষোভ-বিক্ষোভ প্রতিফলিত হয়েছে। এই ঐতিহাসিক আন্দোলনের জয় আরও একবার প্রমাণ করে দিল যে, নির্বাচন নয়, বরং আন্দোলনই দাম্ভিক সরকারকে মাথা নত করাতে পারে’। দলের বিহার রাজ্য কমিটির ডাকে ৫ আগস্ট পাটনার আইএমএ হলে অনুষ্ঠিত মহান নেতার স্মরণসভায় এ কথা বলেন প্রধান বক্তা, পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ধারার সৈনিক শিবদাস ঘোষ ১৯৪৭ সালেই উপলব্ধি করেন, দেশ রাজনৈতিক ভাবে স্বাধীন হলেও জনসাধারণ অর্থনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক ক্ষেত্রে আজও স্বাধীন নয়। সেই স্বাধীনতা পেতে জনজীবনের সমস্ত সমস্যার মূল এই পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতন্ত্র কায়েম করা প্রয়োজন।
সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিহার রাজ্য সম্পাদক অরুণ কুমার সিং। উপস্থিত ছিলেন অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ। যন্তরমন্তরে ছাত্র-যুব আন্দোলনে পুলিশি বর্বরতা, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও শিক্ষা সংস্থাগুলির স্বাধিকার হরণের বিরুদ্ধে সভায় একটি প্রস্তাব পেশ করেন রাজ্য কমিটির সদস্য সাধনা মিশ্র। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
আসামঃ প্রলয়ঙ্কর বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ৫ আগস্ট সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণ দিবস উপলক্ষে গুয়াহাটি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সমাবেশ হয়। দলের পলিটবুরো সদস্য কমরেড কান্তিময় দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পলিটবুরো সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস এবং রাজ্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুরতজামান মণ্ডল।
কর্ণাটকঃ ব্যাঙ্গালোরের গুণ্ডুরাও অডিটোরিয়ামে ৯ আগস্ট অনুষ্ঠিত হল শিবদাস ঘোষের ৫০ তম মৃত্যুবার্ষিকী। দলের কয়েকশো কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন এসইউসিআই(সি)-র পলিটবুরো সদস্য কে রাধাকৃষ্ণ। এ ছাড়াও বক্তব্য রাখেন কর্ণাটক রাজ্য সম্পাদক কে উমা এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কে সোমশেখর। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির নেতৃবৃন্দ সহ অন্যেরা।
মহারাষ্ট্রঃ নাগপুরে দলের দফতরে ৯ আগস্ট উদযাপিত হল সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষ স্মরণসভা। সভাপতিত্ব করেন দলের নাগপুর সাংগঠনিক কমিটির সম্পাদক বিজেন্দ্র রাজপুত। প্রধান বক্তা ছিলেন গুজরাট সাংগঠনিক কমিটির সম্পাদক মীনাক্ষী যোশী।
ওড়িশাঃ রাজধানী ভুবনেশ্বরে সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষ স্মরণসভা উদযাপিত হয় প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য স্বপন ঘোষ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক শঙ্কর দাশগুপ্ত। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছবি মহান্তি।
ত্রিপুরাঃ রাজধানী আগরতলায় ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম হলে ৫ আগস্ট স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মলিন দেববর্মা। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ত্রিপুরা রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বক্তব্য রাখেন। প্রধান বক্তা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা বলেন, দুনিয়াজোড়া প্রবল সংকট থেকে বাঁচতে সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশের রাষ্ট্রনায়করা দেশে দেশে ধ্বসংলীলা ও গণহত্যা চালাচ্ছে। কেন্দ্রীয় বিজেপি সরকার একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে একের পর এক জনবিরোধী পদক্ষেপ নিচ্ছে, প্রতিবাদীদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে। এর বিরুদ্ধে সচেতন সংগঠিত তীব্র গণআন্দোলন গড়ে তুলে সরকারকে নীতি পরিবর্তনে বাধ্য করা ছাড়া পথ নেই। এ প্রসঙ্গে তিনি দিল্লির কৃষক আন্দোলন ও সাম্প্রতিক ছাত্র-যুব আন্দোলনের কথা উল্লেখ করেন। মহান নেতার দেখানো পথে উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে সচেতন সংগঠিত গণআন্দোলন দেশ জুড়ে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাজস্থানঃ জয়পুরের লুনিয়াবাসে ১৬ আগস্ট উদ্বোধন হল শহিদ বিসমিল-আসফাক মেমোরিয়াল হলের। উদ্বোধন করেন দলের পলিটবুরো সদস্য সত্যবান। উদ্বোধনের পর ওই হলেই এ দিন সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। দলের রাজস্থান সাংগঠনিক কমিটির সম্পাদক রামদয়াল সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন সত্যবান।
চণ্ডীগড়ঃ দলের চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি প্রস্তুতি কমিটির উদ্যোগে মোহালির ভগৎ সিং ভবনে ৭ আগস্ট শিবদাস ঘোষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। কমিটির সম্পাদক অমিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য সত্যবান।
মধ্যপ্রদেশঃ মহান নেতা শিবদাস ঘোষ স্মরণে ৭ আগস্ট ভোপালের গান্ধী হলে সভা অনুষ্ঠিত হয়। ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, সাগর, উজ্জয়িন, দেওয়াস, গুনা, আলিরাজপুর, জবলপুর এবং অশোকনগর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এই সভায় যোগ দেন। সভাপতিত্ব করেন রচনা আগরওয়াল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ সিং। তিনি বলেন, আজ দেশের যেখানেই নিপীড়ন ও শোষণ বাড়ছে, সেখানেই মানুষ তার বিরুদ্ধে লড়ছে। এসইউসিআই(সি) বিপ্লবী আদর্শকে সামনে রেখে গণআন্দোলনগুলিতে উপযুক্ত ভূমিকা পালন করে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক প্রতাপ সামল বলেন, যন্তরমন্তরে সংগ্রামরত দেশের ছাত্র-যুবদের ওপর পুলিশ নির্মম নির্যাতন চালিয়েছে। যারা নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলছে, তাদের সন্ত্রাসী ও দেশদ্রোহী বলা হচ্ছে। তবুও দেশের ছাত্র-যুবরা সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলছে। এই পরিস্থিতিতে বিপ্লবী আদর্শের ভিত্তিতে গণআন্দোলনের শক্তি তীব্রতর করা প্রয়োজন।
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জঃ পোর্টব্লেয়ারে ১৩ আগস্ট শ্রীবিজয়াপুরামে উদযাপিত হয় ৫ আগস্ট। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অশোক কুমার সামন্ত। সভাপতিত্ব করেন কমরেড বলরাম মান্না। উপস্থিত ছিলেন শতাধিক মানুষ।