Breaking News

‘কর্পোরেট, ভারত ছাড়ো’ আন্দোলন সফল করায় কৃষক-শ্রমিকদের অভিনন্দন

উত্তর ২৪ পরগণার বারাসাতে প্রবল বিক্ষোভ কৃষক-শ্রমিকদের। ১০ আগস্ট

ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর আদলে ১০ আগস্ট সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম)-এর ব্যানারে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংস্থাগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন সফল করে তোলার জন্য অল ইন্ডিয়া কিসান-খেত মজদুর সংগঠন (এআইকেকেএমএস)-এর সভাপতি সত্যবান ও সর্বভারতীয় সম্পাদক শঙ্কর ঘোষ এক বিবৃতিতে দেশের কৃষক, শ্রমিক, কর্মচারী এবং স্কিম ওয়ার্কারদের বিপ্লবী শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এ দিন দেশের বিভিন্ন জেলার সদর দপ্তর এবং রাজ্যগুলির রাজধানীতে কৃষক ও শ্রমিকরা যৌথভাবে শক্তিশালী প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং গ্রেফতার বরণ করে ‘জেল ভরো’ আন্দোলন সফল করে তোলেন। তাঁরা এক যৌথ বিবৃতিতে ভারত সরকারকে আবারও সতর্ক করে দিয়ে বলেন, দেশের কৃষি ও কৃষকদের স্বার্থবিরোধী বিদেশী রাষ্ট্রগুলির সাথে সমস্ত মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা বন্ধ করে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাঁরা সমস্ত ফসলের উৎপাদন খরচের দেড় গুণ হারে ন্যূনতম সহায়ক মূল্যে সরকারি ক্রয়ের গ্যারান্টি দিয়ে আইন প্রণয়ন, কৃষকবিরোধী ‘বীজ বিল ২০২৫’ এবং ‘বিদ্যুৎ বিল ২০২৫’ প্রত্যাহার, সমস্ত কৃষকদের ব্যাঙ্কঋণ মকুব, শস্য বিমা প্রকল্পকে কৃষকবান্ধব করতে সংস্কার, গ্রামীণ দরিদ্রদের জন্য সারা বছর কাজের নিশ্চয়তা এবং মাসে ১০,০০০ টাকা বার্ধক্য ভাতা চালু করার দাবি জানিয়েছেন।

সংযুক্ত কিসান মোর্চা ভবিষ্যতেও শ্রমিক ও কর্মচারীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যাবে। তারা চারটি শ্রমিকবিরোধী লেবার কোড বাতিল, ৮ ঘণ্টার কর্মদিবস পুনর্বহাল, মজুরি ছাঁটাই বন্ধ, মাসে সর্বনিম্ন ৩১,০০০ টাকা মজুরি চালু এবং স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার দাবি জানান।

এআইকেকেএমএস নেতা সত্যবান এবং শঙ্কর ঘোষ সরকারকে সতর্ক করে বলেছেন যে, যদি এই দাবিগুলি দ্রুত পূরণ না করা হয়, তবে আন্দোলন আরও জোরদার ও বিস্তৃত করা হবে। কৃষক, শ্রমিক, কর্মচারী এবং স্কিম ওয়ার্কারদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।