
জেপিএসসি, জেএসএসসি এবং সিজিএল পরীক্ষায় অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের সংহতি জানিয়ে এআইডিএসও-র ঝাড়খণ্ড রাজ্য কমিটির সম্পাদক সোহন মাহাতো ৬ আগস্ট এক বিবৃতিতে বলেন, রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে হাজার হাজার ছাত্র-ছাত্রীর যে আন্দোলন চলছে, সরকার এখনও পর্যন্ত তাঁদের দাবি মেনে নেয়নি। সংগঠনের রাজ্য কমিটি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আমরা জেপিএসসি, জেএসএসসি এবং সিজিএল পরীক্ষার কারচুপির সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। এর পাশাপাশি ঝাড়খণ্ড সরকার যেন অবিলম্বে সমস্ত পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করে।
তিনি বলেন, এই আন্দোলনে এআইডিএসও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সরকার যদি কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়, তবে ১০ আগস্ট ছাত্রদের বিধানসভা ঘেরাও কর্মসূচিতে এআইডিএসও সমস্ত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও যুবসমাজকে বিপুল সংখ্যায় যোগদান করার আহ্বান জানাচ্ছে। আমরা সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা, জেপিএসসি, জেএসএসসি-র অনিয়মিত পরীক্ষার অবিলম্বে ক্যালেন্ডার প্রকাশ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রবর্তিত শিক্ষাবিরোধী এনইপি-২০২০ এবং এনটিএ বাতিল করার দাবি জানাচ্ছি। একই দিনে এসইউসিআই(সি)-র ঝাড়খণ্ড রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক স্বপন চ্যাটার্জী এক বিবৃতিতে দাবি জানান, অবিলম্বে শিক্ষার বেসরকারিকরণ, ব্যবসায়ীকরণ এবং সর্বনাশা জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল করা হোক এবং দুর্নীতির ছাপ লেগে থাকা পরীক্ষাগুলিকে অবিলম্বে বাতিল করে নতুন ভাবে পরীক্ষার ব্যবস্থা করুক সরকার।