
দশ দিনের মধ্যে চারবার পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। ফলে পেট্রলের দাম লিটার পিছু ৮ টাকা ও ডিজেলের দাম ৭ টাকার বেশি বেড়েছে। এর ফলে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। চাষিরা বাড়তি দামে ডিজেল কিনে সেচের পাম্প চালাতে গিয়ে বিপুল ক্ষতির সামনে পড়ছে। কেন্দ্রের বিজেপি সরকার আদানি-আম্বানির মতো ধনকুবেরদের মালিকানাধীন এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির লাভ অটুট রাখার জন্য জনগণের ঘাড়ে বিপুল বোঝা চাপিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে সারা দেশেই এসইউসিআই (কমিউনিস্ট) আন্দোলনে নেমেছে। দেশের সমস্ত রাজ্যর রাজধানী এবং দিল্লিতে দলের পক্ষ থেকে বিক্ষোভ হয়। পশ্চিমবঙ্গেও কলকাতা সহ প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল হয়। একই সাথে রাজস্থানে দুই বোনের ওপর গণধর্ষণের পরিণতিতে তাঁদের আত্মহত্যার মর্মান্তিক ঘটনার প্রতি তীব্র ধিক্কার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতেও বিক্ষোভ দেখানো হয়। কলকাতায় ১৯ মে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী সহ নেতৃবৃন্দ।
