
পশ্চিম ত্রিপুরা জেলার আইজিএম হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি বহু সমস্যায় জর্জরিত। রেফারেল ও জেলা হাসপাতাল হওয়া সত্তে্বও আইজিএম-এ রোগীদের নাম লেখানোর কাউন্টার প্রায়ই বন্ধ থাকে। সব ধরনের হাসপাতালেই ডাক্তার ও নার্সের ব্যাপক অভাব। অনেকগুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনও ডাক্তারই নেই। অপরিচ্ছন্নতা, পানীয় জল ও প্রয়োজনীয় আলো-পাখার অভাবে হাসপাতালগুলি ভুগছে।
এই পরিস্থিতির অবসান চেয়ে ৩ নভেম্বর এসইউসিআই(সি)-র ডাকে সিএমও দফতরের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। নাম নথিভুক্তির জন্য প্রয়োজনীয় কাউন্টার খোলা, সমস্ত হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার ও নার্স নিয়োগ, বিনা পয়সায় ওষুধ, শয্যাসংখ্যা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, পানীয় জল ও আলো-পাখার ব্যবস্থা করা ইত্যাদি দাবি নিয়ে সিএমও-র কাছে স্মারকলিপি পেশ করা হয়।