Breaking News

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ পালনে সরকারি ফতোয়া, প্রতিবাদ শিক্ষাবিদদের

ফাইল ফটো

সারা ভারত সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ১৮ জুন বিবৃতিতে বলেন, রাজ্য সরকার ২৩ জুন থেকে ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ ঘোষণা করেছে এবং তা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পালন করার নির্দেশনামা জারি করায় আমরা বিস্মিত হয়েছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিরোধিতা করেছিলেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি হিসাবে ওই বছরের ২৬ জুলাই তৎকালীন বাংলার গভর্নর জন হার্বাটকে চিঠি লিখে বলেছিলেন, ‘প্রশাসনের এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে ওই আন্দোলন এই রাজ্যে শক্ত ভিতের উপর না দাঁড়াতে পারে।’ ‘ভারতীয়দের মধ্যে যাতে ব্রিটিশদের প্রতি আস্থা তৈরি হয়’– তার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। তিনি এমনকি গভর্নরকে চিঠি লিখে ‘ব্রিটিশ সরকারের এমন বিপদের সময় তার পাশে থাকার’ প্রস্তাব দিয়েছিলেন। উল্লেখ্য, ওই সময় অবিভক্ত বাংলায় মুসলিম লিগ পরিচালিত ফজলুল হক সরকারের শরিক ছিল তার নেতৃত্বে পরিচালিত হিন্দু মহাসভা।

যিনি ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে এমন বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তাঁর মৃত্যবার্ষিকী এত সাড়ম্বরে পালনে স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কেন অংশ নেবে? আমরা এই নির্দেশনামা প্রত্যাহারের দাবি করছি।