
পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে এসইউসিআই(কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ জুন এক বিবৃতিতে বলেন,
সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জীর নামাঙ্কিত করা বিজেপি নেতাদের ইতিহাসের চরম অজ্ঞতা কেবল নয়, উগ্র মুসলিম বিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। স্যার হাসান সুরাবর্দি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, ইংল্যান্ডের রয়াল কলেজ অফ সার্জেনের ফেলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের অধ্যাপক এবং ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবিভক্ত বাংলা ও পরবর্তী কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুসেন শহিদ সুরাবর্দির নামের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করে রাজ্য সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কলকাতা কর্পোরেশন নামের এই পরিবর্তন করল। অথচ সমস্ত প্রামাণ্য নথি বলছে, প্রাক্তন উপাচার্য সুরাবর্দির নামেই ১৯৩৩ সালের ৮ মার্চ ওই রাস্তাটি নামাঙ্কিত হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতেই পারে, এই কাজ কেবল অজ্ঞতা প্রসূত, না সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির হীন উদ্দেশ্যপ্রণোদিত। কেবল এ রাজ্যে নয়, বিজেপি নেতৃত্বে পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকারগুলি একই উদ্দেশ্যে দেশ জুড়ে শহর, নগর, রাস্তা, রেল স্টেশনের নাম পরিবর্তনের কাজ করছে।
আমরা এই ইতিহাস বিকৃতি তথা নাম পরিবর্তনের তীব্র বিরোধিতা করছি এবং ইতিহাস সচেতন ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন জনসাধারণের কাছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।