
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৬ মার্চ এক বিবৃতিতে বলেন, সৌন্দর্যায়নের অজুহাতে বিজেপি সরকার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে যে ভাবে কাকোরি ঘটনার তিন শহিদ রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রোশন সিংয়ের মূর্তি ভেঙে দিয়েছে, তা চরম নিন্দনীয়।
ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ১৯২৫-এর কাকোরির বিপ্লবী সংগ্রাম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনা ভারতের স্বাধীনতাকামী জনগণকে উদ্বুদ্ধ করেছে। এই সংগ্রামে রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রোশন সিং ফাঁসির মঞ্চে শহিদের মৃত্যু বরণ করে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেন। শাহজাহানপুরের সাধারণ মানুষ গভীর শ্রদ্ধায় এই তিন শহিদের মূর্তি স্থাপন করেছিলেন ১৯৭২-এ।
শহিদদের মূর্তি ভাঙা বিজেপি সরকারের কোনও বিচ্ছিন্ন কাজ নয়। এটা আরএসএস-এর গুরুজি গোলওয়ালকরের নীতিকে দীর্ঘ দিন ধরে অনুসরণ করে চলার ফল। তিনি মনে করতেন, ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম দেশপ্রেম নয়, প্রতিক্রিয়াশীলতা। তারা স্বাধীনতা আন্দোলনের এই উজ্জ্বল অধ্যায়গুলি মুছে ফেলতে চায়।
বিজেপি সরকারের এই জঘন্য অপরাধ প্রতিহত করতে এগিয়ে আসার জন্য আমরা দেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। দাবি জানাচ্ছি, অবিলম্বে মূর্তিগুলি যথাযোগ্য মর্যাদায় পুনঃস্থাপন করতে হবে এবং এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত সকলকে শাস্তি দিতে হবে।