
বর্ষায় বন্যা প্রতিরোধে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বেহাল রাস্তাঘাটের দ্রুত পুনর্নির্মাণের দাবিতে ১৬ মে আসামে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি হয়। এ দিন নেতাজি মূর্তি থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে করিমগঞ্জ শহরের বেহাল প্রধান রাস্তার সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধানের ব্যবস্থা, অতিরিক্ত বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি দাবিতে প্রতিবাদী স্লোগানে রাজপথ এবং করিমগঞ্জ জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
দলের করিমগঞ্জ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য বলেন, ১৫ মে একদিনের বৃষ্টির ফলে করিমগঞ্জ শহরের প্রায় বেশিরভাগ অঞ্চল জলমগ্ন হয়েছে। ফলে সাধারণ মানুষ অভাবনীয় দুর্ভোগ এবং দুর্গতির সম্মুখীন হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আজকের অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে এই রাস্তা নির্মাণ এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত সাধারণ বিষয়। অথচ এ ক্ষেত্রে সরকার তথা প্রশাসনের চরম অবহেলা এবং উদাসীনতা আজ চরমে উঠেছে। জেলাশাসকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে পাঁচ দফা দাবিতে স্মারকপত্র দেওয়া হয়। এর প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়। প্রতিনিধিদলে ছিলেন অরুণাংশু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য প্রোজ্জ্বল দেব প্রমুখ।