Breaking News

রোকেয়া নারী উন্নয়ন সমিতির রাজ্য সম্মেলন

অসহায়, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা মহিলাদের সামাজিক সংগঠন রোকেয়া নারী উন্নয়ন সমিতির প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩-১৪ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে। পশ্চিমবঙ্গের মোট ১৬টি জেলা থেকে মোট ২০৫ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করেন। ১৩ ফেব্রুয়ারি প্রকাশ্য সমাবেশে বহরমপুর রবীন্দ্রসদনে ‘আজও রোকেয়া সাখাওয়াত চর্চার প্রাসঙ্গিকতা’ নিয়ে ছিল আলোচনা সভা। পাঁচ শতাধিক নারী, পুরুষ, বহু বিশিষ্ট বিদ্বজন, ছাত্র-যুব স্বেচ্ছাসেবক ও নির্যাতিতা নারী এই সমাবেশে অংশগ্রহণ করেন। রোকেয়ার জীবনসংগ্রাম এবং শিক্ষা সকলকেই সামাজিক নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আলোচকদের মধ্যে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ, অধ্যাপিকা আফরোজা খাতুন, সৌরভ মুখার্জী, অধ্যাপক আবুল হাসনাত, সোমনাথ চক্রবর্তী, অধ্যক্ষা ইন্দ্রাণী বসু প্রমুখ। প্রকাশ্য অধিবেশনে সমিতির মুখপত্র রোকেয়া বিশেষ সংখ্যা ‘মুক্তি’ প্রকাশিত হয়। অভ্যর্থনা কমিটির চেয়ারপার্সন অধ্যাপক খইবর আলি মিঞা বক্তব্য রাখেন।

প্রকাশ্য সমাবেশের পর নারী নির্যাতনের বিরুদ্ধে শহরে মিছিল হয়। পরে ঋত্বিক সদনে প্রতিনিধি অধিবেশন থেকে রাজ্যজুড়ে শক্তিশালী নারী অধিকার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ৪২ জনের একটি কমিটি গঠিত হয়। রাজ্য সভাপতি পাপিয়া নাগ, সম্পাদিকা খাদিজা বানু, সহ সভাপতি অধ্যাপিকা আফরোজা খাতুন, মল্লিকা সরকার সহ ১৬ টি জেলার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠিত হয়। সম্মেলন পরিচালনা করেন মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা রেবেকা সুলতানা।