Breaking News

রবীন্দ্রসঙ্গীতে নিষেধাজ্ঞা প্রতিবাদে পথে ছাত্রছাত্রীরা

করিমগঞ্জে এক রাজনৈতিক সভায় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ রবীন্দ্রসঙ্গীতটি গাওয়ার অপরাধে আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার মন্তব্যের প্রতি ধিক্কার জানিয়ে এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ২ নভেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন,

আসামে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এই গানটি গাওয়া দেশের প্রতি অপমান বলে উদ্যোক্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার যে কথা বলেছেন, তা খুবই উদ্বেগজনক। তাঁকে সমর্থন জানিয়ে এ রাজ্যের বিজেপি নেতা সজল ঘোষ প্রকাশ্যে যে মন্তব্য করেছেন, আমরা তারও তীব্র নিন্দা করি। তাঁদের এই মন্তব্য বাংলা তথা দেশের সম্প্রীতির ঐতিহ্যের পরিপন্থী।

আমরা মনে করি, এ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজেপি সরকারের ধারাবাহিক ইতিহাস বিকৃতি, সিলেবাস পরিবর্তন, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো, অপবিজ্ঞান-কুসংস্কারের প্রসার, যুক্তিবাদ ও নবজাগরণের মহান চরিত্রগুলিকে কালিমালিপ্ত করার ধারাবাহিকতাতেই এ ঘটনা ঘটেছে। একে রুখতে সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। এআইডিএসও-র পক্ষ থেকে এই ঘটনাকে ধিক্কার জানিয়ে ২-৩ নভেম্বর রবীন্দ্রনাথের কবিতা ও গান গেয়ে রাজ্য জুড়ে রাস্তায় রাস্তায় মিছিল ও প্রতিবাদ সভা করেন ছাত্রছাত্রীরা। বহু সাধারণ মানুষ তাঁদের সঙ্গে শামিল হন।