Breaking News

পাঠকের মতামতঃ এক ঝাঁক নতুন মানুষ

এক একটা ঘটনা যেন গোটা সমাজকে নাড়া দিয়ে যায়। গত ডিসেম্বর মাসে মানুষ বিস্মিত হয়ে দেখলেন, একরাশ নারীর সমগ্র বাংলা জুড়ে পথচলা– নারী নির্যাতনের বিরুদ্ধে। শুধু পথচলা নয়, গোটা রাজ্যের গ্রাম-শহরের জনবহুল স্থানে নারী নির্যাতন বিরোধী বিবিধ কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁরা। কর্মসূচিটির নাম ‘অঙ্গীকার যাত্রা’। রাজ্যের চারটি প্রান্ত থেকে শত শত মহিলার আটদিনব্যাপী এই পদযাত্রা পুরনো বামপন্থী লড়াইয়ের দিনগুলিকে স্মরণ করিয়ে দেয়।

আশা রাখি, এই লড়াই জন্ম দেবে এক ঝাঁক নতুন মানুষের। কারণ আন্দোলনই সৃষ্টি করে চরিত্র। আশা রাখি, এই যাত্রা চলবে মানবমুক্তির সংগ্রামের পরিপূরক হিসেবে।

ছোটবেলায় দেখতাম, সংসারের ফেলাছড়া জিনিস থেকে কত স্বল্প আয়োজনে, ঘরের মধ্যে সবার দেখভাল করে বাইরের পৃথিবীতে ঘরের সম্মান রক্ষা করতে নিজের সবটা উজাড় করে দিতেন মায়েরা। নিজের চাওয়া-পাওয়াকে বঞ্চিত করে হাসিমুখে ছেলেমেয়েদের বড় করে তোলা– এ সব দেখে মনে হত মায়েদের আর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কিছু নেই।

কিন্তু ঘুণে ধরা সমাজ যখন মা-বোনদের উপর পৈশাচিক আক্রমণে অভ্যস্ত হচ্ছে, মেয়েরা আজ যখন শুধু যৌন লালসা চরিতার্থ করার বস্তু হিসেবে পরিগণিত হচ্ছে, তখন অবমাননার বিচার চাইতে তাঁরা নিজেরাই পথে নামলেন। অঙ্গীকার যাত্রা প্রমাণ দিল তাঁদের আত্মপ্রত্যয়ের, তাঁদের অপরিমেয় শক্তির।

গৌতম দাস, মালদা