Breaking News

চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ

চাকরিহারা যোগ্য-শিক্ষক সুবল সরেনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। ১৬ আগস্ট তিনি এক বিবৃতিতে বলেন,

রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি এবং বিচারব্যবস্থার অমানবিক রায়ের পরিণতিতেই আরও একজন যোগ্য শিক্ষকের প্রাণ গেল। পশ্চিম মেদিনীপুরের শিক্ষক সুবল সরেন গত কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। চাকরি পাওয়ার পর সাত বছর স্কুলে সম্মানের সঙ্গে শিক্ষকতা করেছেন। সরকারের অপদার্থতার কারণে এত বছর বাদে তাঁর চাকরি চলে গেছে। পুনরায় পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে– এটা তিনি কোনও ভাবেই মেনে নিতে পারছিলেন না। যার পরিণতিতে কয়েক দিন আগেই তাঁর ব্রেন স্ট্রোক হয়। কলকাতাতে চিকিৎসার জন্য আনা হলেও তাঁকে বাঁচানো যায়নি। অন্য দিকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন পরিবারের সদস্যদের না জানিয়ে দেহ লোপাট করার জন্য তড়িঘড়ি হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা কলকাতা পুলিশের এ হেন আচরণে তীব্র ধিক্কার জানাচ্ছি। শুধু তাই নয়, মৃতদেহ পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে পৌঁছলে যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে এবং কয়েকজনকে গ্রেফতার করে। আমরা পুলিশ ও প্রশাসনের এই ভূমিকার তীব্র নিন্দা করছি।