Breaking News

কেন্দ্র ও রাজ্য বাজেটে মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি শূন্য

কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে মিড-ডে মিল কর্মীদের চূড়ান্ত বঞ্চনার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি এআইইউটিইউসি অনুমোদিত মিড-ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে কলকাতার মৌলালি মোড় অবরোধ করেন এবং বাজেটের প্রতিলিপি পোড়ান কর্মীরা।

৫ ফেব্রুয়ারি পেশ হওয়া রাজ্য বাজেটে স্কিম ওয়ার্কারদের মধ্যে সবচেয়ে অবহেলিত মিড-ডে মিল কর্মীদের জন্য একটা শব্দও উচ্চারণ করা হয়নি। এই কর্মীরা সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে অমানুষিক পরিশ্রম করে ছাত্র-ছাত্রীদের খাবার পরিবেশন করেন। তাঁদের বেতন মাত্র ২০০০ টাকা। বিভিন্ন জায়গায় সেল্ফ হেল্প গ্রুপগুলো কাজ করার দরুণ এই টাকা তাঁদের ভাগ করে নিতে হয়। রাজ্যে ২ লক্ষ ৩৩ হাজার মিড-ডে মিল কর্মী কাজ করেন। কয়েক দিন আগে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, সেখানেও এই কর্মীদের পারিশ্রমিকের কোনও উল্লেখ নেই।

রাজ্য ও কেন্দ্রের এই সীমাহীন বঞ্চনার প্রতিবাদে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে বিক্ষোভ অবরোধ হয়। কলকাতায় মৌলালি মোড় ও শিয়ালদা চত্বরে মিড-ডে মিল কর্মীরা দফায় দফায় অবরোধ করেন। অবরোধে যুগ্ম রাজ্য সম্পাদক নীলাঞ্জনা কর বলেন, অবিলম্বে বাজেটে বরাদ্দ বৃদ্ধি না করলে কাজ বন্ধ রেখে কর্মীরা বৃহত্তর আন্দোলনে যাবেন। এ ছাড়া বাঁকুড়া, মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি সহ বিভিন্ন শহরে মিড-ডে মিল কর্মীরা বিক্ষোভ দেখান এবং বাজেটের প্রতিলিপি পোড়ান।