Breaking News

এবিভিপির ভেঙে দেওয়া শহিদ বেদি গড়লেন এআইডিএসও কর্মীরা

১৫ আগস্ট কলকাতার হাজরায় আশুতোষ কলেজের সামনে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনের বীর শহিদদের উদ্দেশ্যে নির্মিত শহিদ বেদি ভেঙে দেয় এবিভিপি-র দুষ্কৃতীরা। ক্ষুদিরাম বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও ছিঁড়ে দেয় তারা। এর প্রতিবাদে এআইডিএসও কলকাতা জেলা কমিটির নেতৃত্বে ওই দিন সন্ধ্যায় কলেজের সামনে এবং পরে ভবানীপুর থানার সামনে রাস্তা অবরোধ করেন ছাত্রছাত্রীরা। দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবিতে ভবানীপুর থানায় স্মারকলিপি দেওয়া হয়। ১৬ ও ১৭ আগস্ট সংগঠনের কলকাতা জেলার কর্মীরা নিজেরাই হাতে হাত মিলিয়ে শহিদ বেদিটি নতুন করে গড়ে তোলেন। ১৮ আগস্ট হাজরা মোড় থেকে ছাত্রদের একটি প্রতিবাদ মিছিল কলেজ গেটে পৌঁছয়। সেখানে শহিদ বেদিতে রক্তপতাকা উত্তোলন ও মাল্যদানের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।