Breaking News

প্রয়াণের অর্ধশতবর্ষে নজরুল স্মরণ

২৯ আগস্ট কলকাতায় বিপ্লবী কবি নজরুল ইসলামের অর্ধশত প্রয়াণ-বর্ষ পূর্তি উপলক্ষে নজরুল ইসলামের বক্তব্য সংবলিত প্রতিকৃতি হাতে পদযাত্রা সহ স্মরণ অনুষ্ঠান আয়োজন করে ‘নজরুল ইসলাম অর্ধশত প্রয়াণ বর্ষ স্মরণ কমিটি’। কলেজ স্কোয়ারে নজরুল সহ বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ফেভারিট কেবিনের সামনে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নজরুল বিশেষজ্ঞ ডাঃ শঙ্কর নাথ। পদযাত্রায় পা মেলান কয়েকশো মানুষ। মহাজাতি সদন সেমিনার হলে বক্তব্য রাখেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাওন নন্দী এবং বিশিষ্ট প্রবন্ধকার কমল সাঁই। বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত অসুস্থতার কারণে উপস্থিত হতে না পেরে লিখিত বক্তব্য প্রেরণ করেন। প্রকাশিত হয় ‘নজরুল উদ্ধৃতিঃ তবু আমারে দেব না ভুলিতে’। উপস্থিত ছিলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, কমিটির সভাপতি অধ্যাপক মনোজ গুহ, অধ্যাপক মহালয়া চ্যাটার্জী, অধ্যাপক পঞ্চানন হালদার, ডঃ দীপনারায়ণ দত্ত, অধ্যাপক তরুণ দাস, ডাঃ অরুণাভ সেনগুপ্ত, ডাঃ তরুণ মণ্ডল সহ বহু বিশিষ্ট মানুষ। সারা রাজ্য প্রবন্ধ প্রতিযোগিতার কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণীরা। কমিটির যুগ্ম সম্পাদক ডাঃ সামস মুসাফির ও অনিন্দিতা জানা নজরুলের সৃষ্টি ও তাঁর চিন্তাচেতনা ছড়িয়ে দেওয়ার কাজে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।