Breaking News

পর্যাপ্ত সংখ্যায় সরকারি বাস ও ট্রাম চালু করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১ জুন মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেন,

 সম্প্রতি আপনার সরকার ঘোষণা করেছে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় স্টেট বাসে যাতায়াত করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কলকাতা শহরে এবং মফস্বলে স্টেট বাসের সংখ্যা খুবই নগণ্য। যে মুষ্টিমেয় বাস যাতায়াত করে তাও ভাঙাচোরা অবস্থায় আছে।

১৯৭৭ সাল থেকে পরপর যে দুটি সরকার ক্ষমতায় এসেছে তারা স্টেট বাসের সংখ্যা ক্রমাগত কমিয়ে প্রাইভেট বাসের সংখ্যা বাড়িয়েছে।

এই অবস্থায় আপনার সরকারের ঘোষণা বাস্তবে কার্যকর করতে হলে পর্যাপ্ত সংখ্যক স্টেট বাস চালু করতে হবে।

দ্বিতীয়ত, এ প্রসঙ্গে আরও একটি বিষয়ে আপনার সরকারের দৃষ্টি আকর্ষর্ণ করতে চাই। দূষণ নিয়ন্ত্রণের জন্য বিদ্যুৎচালিত যানবাহনের ওপর জোর দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যুৎচালিত যান ট্রাম এক সময়ে যে কার্যকরী ভূমিকা নিয়েছিল, সেটাও উপরোক্ত দুই সরকারের উদ্যোগে প্রায় বন্ধ করা হয়েছে। দু-একটি রুটে নামমাত্র ট্রাম চলে। ট্রামের বেশ কিছু জমি বিক্রি করা হয়েছে। আমরা মনে করি সব কটি রুটে পুনরায় ট্রাম পরিবহণ চালু করা প্রয়োজন।

জনগণের স্বার্থে এই দুটি বিষয়ে আপনার সরকারের দৃষ্টি আকর্ষর্ণ করছি। আশা করি আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন।