
পূর্ব মেদিনীপুরে কাঁথির জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের তীব্র বিরোধিতা করে ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ‘জুনপুটে মিসাইল ও হরিপুরে পরমাণু চুল্লিবিরোধী গণপ্রতিরোধ মঞ্চ’। মঞ্চের অন্যতম আহ্বায়ক অমিত মান্না, বিশ্বজিৎ রায় বলেন, ২০১৪ সালে যখন জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা শুরু হয় তখন থেকেই আমরা প্রতিবাদ আন্দোলনে আছি। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, হাজার হাজার মৎস্যজীবীকে উচ্ছেদ করে ঘন বসতিপূরণ জুনপুটে মিসাইল কেন্দ্র কেন? প্রতিরক্ষার স্বার্থে যদি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করতেই হয় তা হলে নির্জন এলাকায় করা হোক। গণপ্রতিরোধ মঞ্চের এক নেতা বলেন, পূর্বেকার সরকারগুলিও হরিপুরে পরমাণু চুল্লি স্থাপনের পরিকল্পনা নিয়েছিল। ব্যাপক উচ্ছেদের আশঙ্কায় গ্রামবাসীরা আন্দোলনে নামেন। সরকার তখন সাময়িক ভাবে কাজ স্থগিত রাখলেও প্রকল্প থেকে পুরোপুরি সরে আসেনি। জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হওয়া মানে পুরো এলাকা মিলিটারি দখলে চলে যাওয়া। আস্তে আস্তে হরিপুরের পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়িত করা। কমিটির স্পষ্ট বক্তব্য, এই প্রকল্প জনশূন্য স্থানে করা হোক।