
পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত দিঘা অঞ্চলের নবগ্রাম মৌজায় অবস্থিত ইস্পাত দামোদর স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেড কারখানার ভয়াবহ বায়ু দূষণ, জল দূষণ ও সামগ্রিক পরিবেশ দূষণের বিরুদ্ধে শতাধিক মানুষ ২৯ ডিসেম্বর কর্তৃপক্ষের কাছে গণডেপুটেশন দেন।
বেশ কয়েক বছর আগে এই অঞ্চলে উন্নত মানের ইস্পাত কারখানা স্থাপন, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অত্যন্ত স্বল্পমূল্যে গরিব ও প্রান্তিক চাষিদের কাছ থেকে জমি সংগ্রহ করে এই কারখানাগুলি গড়ে তোলা হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, কিছু সংখ্যক যুবক স্বল্প মজুরিতে কাজ পেলেও এলাকার সাধারণ মানুষের ক্ষতির পরিমাণ বহুগুণ বেশি।
নিম্নমানের কাঁচামাল ও কয়লার অবাধ ব্যবহারের ফলে এই কারখানাগুলি থেকে নির্গত দূষণের মাত্রা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। ফসল উৎপাদন প্রায় বন্ধের মুখে, গাছের পাতাগুলি কালো হয়ে যাচ্ছে, পুকুরের জলে কালো কালির মতো আস্তরণ পড়েছে, প্রায় প্রতিটি ঘরে মানুষের মধ্যে নানা শ্বাসজনিত রোগের প্রকোপ বেড়ে চলেছে। এ ছাড়াও রাস্তাঘাট, জনবসতি এমনকি চাষযোগ্য জমিতেও নির্বিচারে দূষিত ছাই ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে এলাকার মানুষের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে এলাকাবাসী আন্দোলন গড়ে তুলেছেন। আন্দোলনের নেতৃত্বের উপর হুমকি, পুলিশি জুলুম ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আন্দোলন থামানো যায়নি। কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত মুনাফার লোভে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেই কারখানা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এলাকাবাসী আন্দোলন গড়ে তুলেছেন। ২৯ ডিসেম্বর উপস্থিত মানুষের সামনে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেন। আন্দোলনে নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে– যদি দ্রুত ও কার্যকরভাবে দূষণ নিয়ন্ত্রণ করা না হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনে নেতৃত্ব দেন কিষ্ট বাউরী, অন্তরা বাউরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।