Breaking News

রাজ্য বাজেট হতাশাজনক

রাজ্য বাজেট সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বাজেট সাধারণ গরিব, খেটে-খাওয়া, মধ্যবিত্ত শ্রেণির মানুষ, বিশেষ করে নানা স্তরের স্কিম ওয়ার্কারদের খুব হতাশ করেছে। সুনির্দিষ্ট ভাতা ১৫,০০০ টাকা ও নানা বকেয়া মেটানোর দাবিতে আশাকর্মীরা গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করেছেন। কিন্তু তাঁদের ভাতা ৫২৫০ টাকা থেকে মাত্র ১০০০ টাকা বাড়ানো হয়েছে। বকেয়া সম্পর্কে কোনও উল্লেখ নেই।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদেরও ভাতা মাত্র ১০০০ টাকা বাড়ানো হয়েছে। এই ঘোষণাগুলি হয়েছে অনেকটা ছিটেফোঁটা দয়ার দানের মতো করে এবং তা এঁদের পক্ষে অসম্মানজনক। সব থেকে দুর্দশাগ্রস্ত মিড-ডে মিল কর্মীদের সম্পর্কে কোনও কথা বাজেটে নেই। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন। সুপ্রিম কোর্ট এ দিনেই ২৫ শতাংশ ডিএ এখনই মিটিয়ে দেওয়ার নির্দেশের পর তা কী ভাবে দেওয়া হবে বাজেটে তার পরিষ্কার উল্লেখ নেই। এই বাজেটে কর্মসংস্থান বৃদ্ধির কোনও দিশা নেই। সামান্য বেকারভাতা দেওয়ার ঘোষণা হয়েছে কিন্তু তা কেন আগস্ট থেকে চালু হবে তাও বোধগম্য নয়। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি।