
২৮ আগস্ট যাদবপুর ৮বি-তে মুখ্যমন্ত্রী দলীয় সমাবেশে বন্দেমাতরম গাইতে এসে যে ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং বামপন্থী মতাদর্শের বিরুদ্ধে লাগাতার হুমকি, ধমকি ও বিদ্বেষের ভাষা ব্যবহার করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, মুখ্যমন্ত্রী এমনকি একটি বিশেষ সংবাদমাধ্যমকে আক্রমণাত্মক ভাবে ক্ষমা চাইবার যে কথা বলেছেন তা বেনজির।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী যাদবপুরের মতো রাজ্যের একটি প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ‘বেয়াদব’, ‘টুকরে টুকরে গ্যাং’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ‘আমি পুলিশ মন্ত্রী, আমি জঞ্জাল সাফাই করতে জানি, ক্যাম্পাসে ড্রোন ওড়াবো।’ বামপন্থীদের আক্রমণ করে তিনি বলেছেন, ‘আমি কমিউনিস্ট সাফাই করেছি।’ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উপর নজরদারির হুমকি দিয়েছেন এবং তাঁদের উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।
‘ভারতমাতা কি জয়’ স্লোগান তুলে তিনি রাষ্ট্রবাদ ও জাতীয়তাবাদের নামে বিজেপি-আরএসএসের প্রতিক্রিয়াশীল দর্শনকে দেশপ্রেমের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। অথচ তিনিই একদিন বলেছিলেন যে, বিজেপির পূর্বসূরি আরএসএস ও হিন্দু মহাসভা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল।
কমরেড ভট্টাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তা, গণতান্ত্রিক অধিকার এবং স্বায়ত্তশাসনের উপর এ ধরনের হুমকির আমরা তীব্র প্রতিবাদ করছি। এই উস্কানিমূলক, সাম্প্রদায়িক বক্তব্যের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকার সমস্যা, ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার বসানো, কৃষকের ফসলের ন্যায্য দাম না পাওয়া, ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন, চুরি-ডাকাতি-তোলাবাজি, ড্রাগ ও মাদকের বাড়বাড়ন্ত, গণতান্ত্রিক অধিকার খর্ব ইত্যাদি সমস্যায় বিপর্যস্ত ত্রিপুরার জনজীবন। বিজেপি শাসিত রাজ্য সরকার এ সব বিষয়ে উদাসীন। এর প্রতিবাদে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর উদ্যোগে ২৭ আগস্ট আগরতলায় ক্ষুদিরাম মূর্তি থেকে প্যারাডাইস চৌমূহনী পর্যন্ত একটি মিছিল হয়। পরে সেখানে সভা হয়। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক। তিনি বলেন, আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ। সাধারণ মানুষকে আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।