
কর্ণাটকের বেলতাঙ্গাদি তালুকের প্রখ্যাত এক ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দুই দশক ধরে ধারাবাহিক অভিযোগ উঠছিলই। সম্প্রতি দুই অল্পবয়সী মেয়ে অনন্যা ভাট ও সৌজন্যার মৃত্যুরহস্যের তদন্ত শুরু হলেও কোনও সমাধানে পৌঁছনো বা অপরাধীদের চিহ্নিত করা যাচ্ছিল না। এই রকম পরিস্থিতিতে ওই ধর্মপ্রতিষ্ঠানের এক কর্মচারী অভিযোগ করেন, তিনি শত শত অল্পবয়সী ও প্রাপ্তবয়স্ক মহিলার মৃতদেহ পুড়িয়েছেন। এই হাড়হিম করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাধ্য হয় ‘সিট’ গঠন করে তদন্তভার তাদের হাতে তুলে দিতে।
রাজ্য সরকারের সিট গঠন করে তদন্ত প্রক্রিয়া চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এস ইউ সি আই (সি) দাবি করেছে, যে কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব ও ধর্মীয় প্রভাবমুক্ত হয়ে সিটকে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অপরাধীরা যত প্রভাবশালী ও উচ্চপদাধিকারীই হোক না কেন তাদের চিহ্নিত করে আইনি পথে শাস্তি সুনিশ্চিত করতে হবে। জনসাধারণ দীর্ঘদিন ধরে ঘটে চলা এই রহস্যময় অন্তর্ধান ও মৃত্যুর ঘটনাগুলির পিছনে লুকিয়ে থাকা সত্য জানতে ও অপরাধীদের কঠোরতম শাস্তি চায়।
জনসাধারণের দাবি পূরণের জন্য সরকার ও তদন্তকারী সংস্থাকে আবেদন জানিয়েছে দল। এই ঘটনার তদন্ত যাতে যথাযথ হয়, তার জন্য জনসাধারণকে সতর্ক থাকারও আবেদন জানানো হয়েছে।