
হাওড়ায় বেলুড় স্টেশন সংলগ্ন বিধানপল্লির চামারিয়া বাগানে মূলত ডোম সম্প্রদায়ের গরিব মানুষ স্বাধীনতার আগে থেকে বংশ পরম্পরায় বসবাস করে আসছেন। এঁদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে। সম্প্রতি এই বস্তি উচ্ছেদের জন্য এলাকার এক প্রোমোটার পূর্ববর্তী এবং বর্তমান শাসক দলের সাহায্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অর্থের জোরে আইনের মারফত একতরফা ভাবে বস্তি উচ্ছেদের ডিক্রি পেয়েছে। বস্তিবাসীরা অর্থের অভাবে অভিজ্ঞ উকিল নিয়োগ করতে না পেরে আইনি লড়াই ঠিকমতো চালাতে পারেননি। এসইউসিআই(সি)-র বালি-বেলুড় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোর্টের অর্ডারের অজুহাত দেখিয়ে প্রোমোটার পুলিশের সহায়তায় ৭ নভেম্বর বস্তিবাসীদের ঘর ভাঙতে এলে দলের পক্ষে কমরেড উত্তম চ্যাটার্জী দলিতদের উচ্ছেদ না করার আবেদন জানান। কিন্তু প্রোমোটার তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং পুলিশ দিয়ে তাঁকে গ্রেপ্তার করানো হয়। এরপর পুলিশ বস্তিবাসীদের ঘর ভাঙচুর করে, তাঁদের জিনিসপত্র ভেঙে তছনছ করে। দলের তরফ থেকে থানায় বিক্ষোভ দেখানো হয় এবং উকিলের সহায়তায় কমরেড চ্যাটার্জীকে ছাড়িয়ে আনা হয়। পরদিন ৮ নভেম্বর পথসভায় এই ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন কমরেডস শরৎ চ্যাটার্জী, উত্তম চ্যাটার্জী, কাজল মিত্র, নিবারণ রায় সহ উপস্থিত বস্তিবাসীরা। তাঁদের পুনর্বাসনের দাবি জানানো হয়।